ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় আমান উল্লাহ আমান এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমানকে ২০২৪ সালের ৪ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে আওয়ামী লীগ সরকারের পক্ষে আয়োজিত একটি মিছিলে দেখা গিয়েছিল। তিনি বিশ্ববিদ্যালয়ের এস্টেট অফিসে স্যানিটারি সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
আমান ঢাবির জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সাবেক উপপ্রচার সম্পাদক এবং ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ছিলেন। এছাড়া ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর অনুসারী ছিলেন বলে জানা গেছে। বর্তমানে আমান পলাতক।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সমন্বয় সভায় আমানকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ক্যাম্পাসে নাশকতা, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় আমানের সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
২০২৪ সালের ৪ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের একদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের ভেতরে সরকারপন্থি একটি মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৫ থেকে ৪০ জন কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। ওই মিছিলে আমান উল্লাহ আমানকেও দেখা গেছে বলে জানা যায়।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুনসী শামস উদ্দিন আহম্মদ গণমাধ্যমকে বলেন, ‘অনেক সময় কর্মকর্তা-কর্মচারীদের নির্বাচনকে কেন্দ্র করে প্রচার-প্রচারণা চালানো হয়। সেটা একটা বিষয়। কিন্তু দলীয় রাজনৈতিক মিছিল করার সুযোগ নেই। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনে বলে কথা নেই, যে কোনো সরকারি প্রতিষ্ঠানের ভবনে এরকম মিছিল করার সুযোগ নেই।’
তিনি আরও বলেন, ‘আমার জানা নেই শাস্তিস্বরূপ তাদের বিরুদ্ধে কোনো উদ্যোগ নিয়েছে কি না।’
গতকাল দুপুর ২টা ২০ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দুটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কলা ভবনের পাশের শ্যাডো এলাকা এবং ব্যবসায় শিক্ষা অনুষদের (এফবিএস) সামনে এসব বিস্ফোরণ হয়।
এতে সোহেল (৩৬) নামে এক প্রাইভেটকারচালক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। বিস্ফোরণে ঘটনাস্থলে থাকা একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
এর আগে, ৮ ও ৯ নভেম্বরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এসএ