২০২৬-২৭ শিক্ষাবর্ষে সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রমে নতুন করে চারটি বিশ্ববিদ্যালয় যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নতুন বিশ্ববিদ্যালয়গুলো যুক্ত হলে গুচ্ছভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা ২০ থেকে বেড়ে ২৪টিতে দাঁড়াতে পারে। একই সঙ্গে মোট আসন সংখ্যা ১৬ হাজার ৯৩ থেকে বেড়ে ১৬ হাজার ৬৪৩ হতে পারে।
গুচ্ছভুক্তির সম্ভাবনায় থাকা চার বিশ্ববিদ্যালয় হলো—বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেহেরপুর বিশ্ববিদ্যালয়। তবে বিশ্ববিদ্যালয়গুলোর অন্তর্ভুক্তির বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এ জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদন প্রয়োজন।
গত ১ নভেম্বর প্রকাশিত দেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের আসনসংক্রান্ত হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে ২০টি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ১৬ হাজার ৯৩টি।
প্রকাশিত তথ্য অনুযায়ী, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর আসনসংখ্যা হলো—
ইসলামী বিশ্ববিদ্যালয়: ২ হাজার ৫১৫টি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়: ১ হাজার ১৭৫টি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়: ১ হাজার ৩৯৫টি
বরিশাল বিশ্ববিদ্যালয়: ১ হাজার ৫৭০টি
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়: ৮৫০টি
নেত্রকোনা বিশ্ববিদ্যালয়: ৩৯০টি
কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়: ১২৬টি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৮৭৫টি
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১ হাজার ৬১১টি
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১ হাজার ৩০টি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৮৩০টি
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১ হাজার ৫৮০টি
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৯০টি
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ২০৪টি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৯৫০টি
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ৯০টি
বাংলাদেশ ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি: ২২০টি
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৭২টি
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: ১৬০টি
নওগাঁ বিশ্ববিদ্যালয়: ১৬০টি
সম্ভাব্য নতুন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ও ইংরেজি বিভাগের চূড়ান্ত অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিভাগ দুটির অনুমোদন পাওয়া গেলে প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়টিতে ৮০ থেকে ১০০টি আসন থাকতে পারে।
অন্যদিকে, বগুড়া বিশ্ববিদ্যালয়, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় এবং লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখনো বিভাগ অনুমোদন পায়নি। বিভাগ অনুমোদন এবং ইউজিসির প্রয়োজনীয় সিদ্ধান্তের পর এসব বিশ্ববিদ্যালয়ের আসনসংখ্যা নির্ধারণ করা হবে।
প্রাথমিক হিসাব অনুযায়ী, বিশ্ববিদ্যালয় তিনটিতে প্রতিটিতে ১০০ থেকে ১৫০টি করে আসন থাকতে পারে। সব মিলিয়ে চারটি বিশ্ববিদ্যালয় যুক্ত হলে গুচ্ছের আসনসংখ্যা আনুমানিক ৩৮০ থেকে ৫৫০টি বাড়তে পারে।
শিক্ষার্থীদের ভোগান্তি কমানো এবং একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পৃথক পরীক্ষায় অংশ নেওয়ার প্রয়োজনীয়তা কমাতে ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হয়।
এ পদ্ধতিতে একটি সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে গুচ্ছভুক্ত একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ তৈরি হয়। ফলে শিক্ষার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার চাপ কমে।
২০২৬-২৭ শিক্ষাবর্ষেও গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনার প্রস্তুতি রয়েছে। তবে নতুন চার বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তি, বিভাগ অনুমোদন এবং আসনসংখ্যার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো বাকি। ইউজিসির অনুমোদনের পরই এ বিষয়ে চূড়ান্ত চিত্র জানা যাবে।
আরএন