ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ও ফি পরিশোধের প্রক্রিয়া সহজ, দ্রুত ও নিরাপদ করতে রূপালী ব্যাংক পিএলসির সঙ্গে চুক্তি করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এ চুক্তির আওতায় ব্যাংকটির নিজস্ব মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ‘রূপালীক্যাশ’-এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি পরিশোধ করতে পারবেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। এতে রূপালী ব্যাংক পিএলসির চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমীন চুক্তিতে স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে মো. অহিদুল ইসলাম সরকার বলেন, এ উদ্যোগের ফলে শিক্ষার্থীরা ঘরে বসেই সহজে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করে রূপালীক্যাশের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন। এর মাধ্যমে ডিজিটাল লেনদেনের পরিধি বাড়বে, নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে এবং আর্থিক অন্তর্ভুক্তি আরও জোরদার হবে।
চুক্তির আওতায় শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তির আবেদন করার পর পেমেন্টের মাধ্যম হিসেবে রূপালীক্যাশ নির্বাচন করে ফি জমা দিতে পারবেন। এ সেবা চালুর ফলে রূপালীক্যাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফি গ্রহণও সহজ হবে।
বর্তমানে রূপালীক্যাশের মাধ্যমে গ্রাহকরা শিক্ষা ফি, ই-কমার্স কেনাকাটার মূল্য এবং বিভিন্ন পরিষেবার বিলসহ নানা ধরনের পেমেন্ট পরিশোধ করতে পারছেন।
অনুষ্ঠানে রূপালী ব্যাংকের উপমহাব্যবস্থাপক (আইটি) মুহাম্মদ আরিফুজ্জামান সরকার এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াসউদ্দিন, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মাদ আলী নূর ও পরিচালক (ফাইন্যান্স ও অ্যাকাউন্টস) অধ্যাপক মোস্তাফিজ আহমেদ উপস্থিত ছিলেন।