ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
অর্থ পাচারে বিশ্বে শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৪:৩৫ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ব্যাংক খাত থেকে যেভাবে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, বিশ্বে তার নজির বিরল। এমনকি ব্যাংক খাত থেকে অর্থ পাচারের ঘটনায় বাংলাদেশ বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি হতে পারে। পাচার হওয়া অর্থ ও সম্পদ দেশে ফিরিয়ে আনতে দীর্ঘ আইনি লড়াই করতে হবে। এ প্রক্রিয়ায় পাঁচ থেকে ১০ বছর পর্যন্ত সময় লাগতে পারে।

সোমবার (১৬ নভেম্বর) রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে গঠিত টাস্কফোর্সের উপদেষ্টা ফরহানুল গনি চৌধুরী।


তিনি বলেন, বিদেশে পাচার হওয়া সম্পদ ফিরিয়ে আনতে হলে প্রথমে সেগুলো কোন দেশে, কার কাছে এবং কীভাবে স্থানান্তর করা হয়েছে, তা শনাক্ত করতে হবে। এরপর সংশ্লিষ্ট দেশের আদালতে প্রমাণ করতে হবে যে, এসব সম্পদ অবৈধভাবে অর্জিত। পুরো প্রক্রিয়াটি সময়সাপেক্ষ এবং আইনি জটিলতায় ভরা।


ফরহানুল গনি চৌধুরী জানান, দেওয়ানি প্রক্রিয়ায় সম্পদ পুনরুদ্ধারে তিন থেকে পাঁচ বছর লাগতে পারে। তবে সামগ্রিকভাবে অর্থ দেশে ফিরিয়ে আনতে পাঁচ থেকে ১০ বছর পর্যন্ত সময় প্রয়োজন হতে পারে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান উপস্থিত ছিলেন।

ছয় ঘটনার তিনটির অগ্রগতি

পাচার হওয়া অর্থ উদ্ধারে গঠিত টাস্কফোর্সের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরে ফরহানুল গনি চৌধুরী বলেন, প্রথম ধাপে বাছাই করা ছয়টি ঘটনার মধ্যে তিনটির কাজ অনেকটা এগিয়েছে। দ্বিতীয় ধাপে আরও প্রায় ৪০টি ঘটনা বাছাই করা হয়েছে।

তিনি জানান, ২০২৪ সালের অক্টোবরে টাস্কফোর্স গঠনের পর প্রথমে ফৌজদারি প্রক্রিয়ায় কাজ শুরু হয়। পরে গত বছর ব্যাংকগুলোকে সরাসরি যুক্ত করে দেওয়ানি প্রক্রিয়ায় সম্পদ উদ্ধারের উদ্যোগ নেওয়া হয়।

ব্যাংকগুলো যে অর্থ হারিয়েছে, তা উদ্ধারের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সামনে রেখেই দেওয়ানি আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রথম ধাপে বড় অঙ্কের খেলাপি ঋণের ঘটনাগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

এর মধ্যে অন্তত দুটি ঘটনায় ব্যাংকের দেওয়া ঋণ, জামানত ও ব্যক্তিগত গ্যারান্টির নথিপত্র বিদেশে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য যথেষ্ট মানসম্পন্ন বলে মত দিয়েছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো।

দ্বিতীয় ধাপে ঘটনা বাছাইয়ের ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে খেলাপি ঋণের পরিমাণ অন্তত ২০০ কোটি টাকা কি না, অর্থ বিদেশে চলে যাওয়ার বিষয়ে ব্যাংকের কাছে তথ্য রয়েছে কি না এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক বিদেশে অবস্থান করছেন কি না।

এ পর্যায়ে সংশ্লিষ্ট ব্যাংক ও বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে গোপনীয়তা চুক্তি হওয়ার পর ঋণসংক্রান্ত নথিপত্র সরবরাহ করা হবে। এসব নথি পর্যালোচনা করে বিদেশি প্রতিষ্ঠানগুলো দেখবে, আইনি পদক্ষেপ নেওয়ার মতো যথেষ্ট ভিত্তি রয়েছে কি না এবং মামলা পরিচালনার জন্য অর্থায়ন পাওয়া সম্ভব কি না।

মামলার খরচ দেবে তৃতীয় পক্ষ

বিদেশে পাচার হওয়া সম্পদের সন্ধান, সেগুলো জব্দ এবং আদালতে আইনি লড়াই চালাতে কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত ব্যয় হতে পারে। এই বিপুল ব্যয় মেটাতে তৃতীয় পক্ষের মাধ্যমে মামলার অর্থায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান ফরহানুল গনি চৌধুরী।

তিনি বলেন, এ ব্যবস্থায় ব্যাংকগুলোকে শুরুতে কোনো অর্থ ব্যয় করতে হবে না। সম্পদ উদ্ধার করা সম্ভব হলে উদ্ধার করা অর্থের একটি নির্দিষ্ট অংশ পাবেন মামলার অর্থায়নকারীরা।

শিকদার গ্রুপের সম্পদ উদ্ধারে এ ধরনের একটি চুক্তির অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছে। বর্তমানে প্রয়োজনীয় আইনি নথি তৈরির কাজ চলছে।

বিদেশে ১৯ হাজার কোটি টাকার সম্পদ জব্দের আদেশ কার্যকর হয়নি

সম্প্রতি জাতীয় সংসদে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, প্রায় ৭৭ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এ বিষয়ে সংবাদ সম্মেলনে জানতে চাইলে ফরহানুল গনি চৌধুরী বলেন, জব্দ করা সম্পদের মধ্যে প্রায় ৫৮ হাজার কোটি টাকা দেশের ভেতরে রয়েছে। বাকি প্রায় ১৯ হাজার কোটি টাকার সম্পদ বিদেশে। এসব সম্পদ জব্দের আদেশ বাংলাদেশের আদালত দিয়েছেন। তবে সংশ্লিষ্ট দেশগুলোতে এখনো এসব আদেশ কার্যকর হয়নি।

তিনি জানান, বাংলাদেশের পারস্পরিক আইনি সহায়তার অনুরোধের (এমএলএআর) ভিত্তিতে কয়েকটি ক্ষেত্রে বিদেশে কিছু সম্পদ সাময়িকভাবে জব্দ করা হয়েছে। তবে এসব সম্পদের পরিমাণ প্রকাশ করেননি তিনি। জব্দাদেশ বহাল রাখতে সংশ্লিষ্ট দেশগুলো বাংলাদেশের কাছে আরও তথ্য চেয়েছে।

উদাহরণ হিসেবে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে থাকা প্রায় ২৫ কোটি পাউন্ডের সম্পদ জব্দের কথা উল্লেখ করেন তিনি। ব্রিটিশ কর্তৃপক্ষ এসব সম্পদ জব্দের তথ্য প্রকাশ করেছে। সম্পদগুলোর বিষয়ে সেখানে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে বাংলাদেশ থেকে তথ্য পাঠাতে দেরি হওয়ায় সাময়িকভাবে জব্দ করা অর্থ অন্য দেশে সরিয়ে নেওয়া হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, বাংলাদেশ নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করেছিল। তবে ৩০ দিন পর ওই অর্থ সংশ্লিষ্ট দেশ থেকে অন্য দেশে সরিয়ে নেওয়া হয়। সেই অর্থের সন্ধানে এখনো কাজ চলছে।

তবে কী পরিমাণ অর্থ সরিয়ে নেওয়া হয়েছে এবং কোন কোন দেশের মাধ্যমে তা স্থানান্তর করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

তথ্য আদান-প্রক্রিয়ায় জটিলতা

বিদেশে পাচার হওয়া সম্পদ উদ্ধারে বিভিন্ন দেশের আইনি প্রক্রিয়া ও তথ্য চাওয়ার ধরন এক রকম নয় বলে জানান ফরহানুল গনি চৌধুরী।

তিনি বলেন, আইনি সহায়তা চাওয়ার ক্ষেত্রে একেক দেশের চাহিদা একেক রকম। সে অনুযায়ী অনুরোধপত্র তৈরি করতে হয়। পাশাপাশি কূটনৈতিক চ্যানেলে অনুরোধ পাঠানোর ক্ষেত্রে দেশের ভেতরে যে সময় লাগে, তা কমানোর উপায়ও খোঁজা হচ্ছে।

টাস্কফোর্সের কার্যক্রমের অগ্রগতি নিয়মিত প্রকাশ না করার বিষয়ে তিনি বলেন, অর্থ পাচার অত্যন্ত স্পর্শকাতর বিষয়। তদন্তের প্রতিটি তথ্য ও অগ্রগতি প্রকাশ করা হলে পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিরা আগেভাগেই সতর্ক হয়ে নতুন কৌশল নিতে পারেন। এতে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে প্রয়োজনীয় তথ্য গোপন রেখেই সম্পদ উদ্ধারের কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে।

টিআই
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝