বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রমের অংশ হিসেবে ফেনীতে ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। এনসিসি ব্যাংক পিএলসির নেতৃত্বে জেলার ৩৮টি তফসিলি ব্যাংকের সহযোগিতায় সম্প্রতি এ সম্মেলনের আয়োজন করা হয়।
‘এক দেশ, এক কিউআর—লেনদেনে বাংলা কিউআর’ এবং ‘আর্থিক সাক্ষরতায় সূচিত হোক নিরাপদ ক্যাশলেস লেনদেন’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলন উপলক্ষে ফেনী শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। এতে ব্যাংকগুলোর প্রতিনিধিদের নেতৃত্বে আমন্ত্রিত দুই শতাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশ নেন।
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক (ফাইন্যান্সিয়াল ইনক্লুশন) দেবাশীষ রায় প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন। এনসিসি ব্যাংকের এসভিপি ও আঞ্চলিক প্রধান মো. নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ইভিপি ও আঞ্চলিক প্রধান গিয়াস উদ্দিন আহমেদ, বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও আঞ্চলিক প্রধান এএইচএম রেজাউল করিম, এনসিসি ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ফাইন্যান্সিয়াল ইনক্লুশন সেলের প্রধান মো. আনিসুর রহমান মজুমদার এবং বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন বিভাগের উপপরিচালক মো. ফিরোজ আহমেদ।
ফেনী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত মূল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেবাশীষ রায় বলেন, ভবিষ্যতে ব্যাংকিং সেবা ক্রমেই ডিজিটাল ও প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে। বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়া শুরু করেছে। স্টুডেন্ট ব্যাংকিং কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে ব্যাংক এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের এখন থেকেই ডিজিটাল লেনদেন ও বাংলা কিউআর ব্যবহারে অভ্যস্ত হওয়ার পরামর্শ দেন।
অনুষ্ঠানে অন্যান্য বক্তারা বলেন, বর্তমান শিক্ষার্থীরাই ভবিষ্যতে রাষ্ট্র ও আর্থিক খাতের নেতৃত্ব দেবে। তাই শিক্ষাজীবন থেকেই তাদের ডিজিটাল ব্যাংকিং, ক্যাশলেস লেনদেন, মোবাইল ব্যাংকিং এবং আধুনিক আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। প্রযুক্তিনির্ভর ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে তাঁরা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে জানানো হয়, এনসিসি ব্যাংক চলতি বছর সারা দেশের ১৪২টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্টুডেন্ট ব্যাংকিং, আর্থিক সাক্ষরতা ও ডিজিটাল ব্যাংকিং বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে।
এ সম্মেলনে ২০২৬ সালে ফেনী জেলায় স্টুডেন্ট ব্যাংকিং হিসাব খোলার ক্ষেত্রে ব্যাংকগুলোর কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেওয়া হয়। জেলায় সর্বোচ্চসংখ্যক শিক্ষার্থী হিসাব খুলে প্রথম স্থান অর্জন করেছে এনসিসি ব্যাংক পিএলসি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী হিসেবে যথাক্রমে ডাচ্-বাংলা ব্যাংক ও বেসিক ব্যাংককে সম্মাননা প্রদান করা হয়।
এসএস