দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, শনিবার (১৪ নভেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসব রোগী ভর্তি হন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, নতুন করে আটজনের মৃত্যুতে চলতি বছর ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯৯ জনে। এর মধ্যে নভেম্বরের প্রথম ১৪ দিনে ৮০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে মারা গেছেন।
বুলেটিনের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬২ হাজার ৫০৯ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৬ হাজার ১৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তির হিসাবে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৮৭৩ জন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২৫৯ জন, বরিশালে ২০৯ জন, খুলনায় ১৯৩ জন, রাজশাহীতে ১৪০ জন, ময়মনসিংহে ৯১ জন, রংপুরে ৭৪ জন এবং সিলেট বিভাগে ১৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এসব মৃত্যুর ও হাসপাতালে ভর্তি রোগীর তথ্য নিশ্চিত করা হয়েছে।
এসএস