দেশের কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পরীক্ষা পেছানোর কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষা আয়োজন ও সমন্বয়ের দায়িত্বে থাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ।
রোববার (১৫ নভেম্বর) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সভা শেষে তিনি এ তথ্য জানান।
এবারের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হবে আগামী ২৫ নভেম্বর।
উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, সরকারের পক্ষ থেকে জোরালো কোনো সিদ্ধান্ত না এলে ভর্তি পরীক্ষা পেছানোর সুযোগ নেই। আগামী ২ জানুয়ারিই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠু, স্বচ্ছ ও সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হবে।
তিনি আরও বলেন, ওয়েবসাইটে সম্ভাব্য কারিগরি জটিলতা এড়াতে শিক্ষার্থীদের দ্রুত আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
এবার কৃষি গুচ্ছের আওতায় মোট ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয় থাকলেও ভর্তি কার্যক্রমে অংশ নেবে ৯টি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়গুলো হলো-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
টিআই