ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ডিসেম্বরে নাশকতার আশঙ্কা দেখছে না এসআরবি
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৭:৩৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ডিসেম্বর ঘিরে এখন পর্যন্ত বড় ধরনের নাশকতার আশঙ্কা করছে না স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে নিরাপত্তা কার্যক্রম চালানো হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইন্তেখাব চৌধুরী বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে আপাতত বড় ধরনের কোনো নাশকতার আশঙ্কা নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবি অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দেশবাসীকে আশ্বস্ত করেন তিনি।

খুলনার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত কয়েক দিনে সেখানে বেশ কয়েকটি অপরাধমূলক ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এসআরবি-৬-এর বিভিন্ন দল ইউনিফর্মে ও সাদাপোশাকে অভিযান পরিচালনা করছে। অপরাধী ও অস্ত্রধারীদের আইনের আওতায় আনতে বিভিন্ন অভিযান চালানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে খুলনায় এসআরবির বেশ কয়েকটি অভিযান সফল হলেও সব অভিযানের তথ্য সংবাদ সম্মেলনে তুলে ধরা সম্ভব হয়নি।

খুলনায় অপরাধ ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

অপরাধীদের রাজনৈতিক পরিচয় কিংবা কোনো সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে গোয়েন্দা তথ্য জানতে চাইলে এসআরবির এই কর্মকর্তা বলেন, গোয়েন্দা তথ্য প্রকাশ্যে জানানো সম্ভব নয়। কোনো অপরাধের তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই গোয়েন্দা দল কাজ শুরু করে। পাশাপাশি অভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষ প্রমাণ, সাক্ষ্য, তথ্যপ্রযুক্তিগত উপাত্ত ও অন্যান্য আলামত সংগ্রহ করে। এসব তথ্য যাচাই-বাছাইয়ের পর প্রয়োজনীয় অভিযান পরিচালনা করা হয়।

রাজধানীসহ সারা দেশের নিরাপত্তা কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, মাঠপর্যায়ে এসআরবির অভিযান ও টহল অব্যাহত রয়েছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতে রাজধানীসহ বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি মোবাইল টহল ও পায়ে হেঁটে টহল কার্যক্রমও চলছে।

তিনি আরও বলেন, ২৪ ঘণ্টার মধ্যে যেসব সময়ে নাশকতার ঘটনা বেশি ঘটছে, সেগুলো বিশ্লেষণ করে সংশ্লিষ্ট সময়গুলোতে নিরাপত্তা জোরদার করা হচ্ছে। এ লক্ষ্যে মোবাইল টহল ও চেকপোস্টের সংখ্যা বাড়ানো হয়েছে।

অনলাইন প্ল্যাটফর্মে অপতথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা ঠেকাতেও নজরদারি চালানো হচ্ছে বলে জানান ইন্তেখাব চৌধুরী। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড পর্যবেক্ষণে এসআরবির সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করছে। কোনো অপরাধমূলক তৎপরতার তথ্য পাওয়া গেলে তা যাচাই করে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

এত চেকপোস্ট ও টহলের পরও কীভাবে নাশকতার ঘটনা ঘটছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পুরো ঢাকা শহরকে নিশ্ছিদ্র নিরাপত্তার আওতায় রাখা সম্ভব নয়। ঢাকা একটি বিশাল শহর। তবে এসআরবি, বাংলাদেশ পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করছে।

সাম্প্রতিক বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্তের বিষয়ে তিনি বলেন, এসব ঘটনার তথ্য যাচাই-বাছাই চলছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে নাশকতায় জড়িতদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি চেকপোস্টে মোটরসাইকেল আরোহীদের এবং তাঁদের সঙ্গে থাকা ব্যাগসহ অন্যান্য সামগ্রী তল্লাশিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এসএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝