প্রতি তিন মাসের পরিবর্তে প্রতি মাসে মূল্য সংযোজন কর (ভ্যাট) রিটার্ন জমা দেওয়ার বিধান কার্যকর রাখতে জারি করা অধ্যাদেশকে আইনে পরিণত করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
রোববার (১৫ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন বিধান অনুযায়ী, প্রত্যেক নিবন্ধিত, তালিকাভুক্ত বা নিবন্ধনযোগ্য ব্যক্তিকে প্রতি কর মেয়াদ শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে। নির্ধারিত ১৫তম দিনে সরকারি ছুটি থাকলে পরবর্তী কার্যদিবসে রিটার্ন জমা দেওয়া যাবে। তবে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান কর মেয়াদ শেষ হওয়ার ২০ দিনের মধ্যে রিটার্ন জমা দিতে পারবে।
এছাড়া জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আদেশের মাধ্যমে সুদ ও জরিমানা ছাড়া রিটার্ন জমার সময়সীমা বাড়াতে পারবে। ভ্যাট রিটার্নের সঙ্গে সম্পূরক শুল্ক পরিশোধের তথ্যও অন্তর্ভুক্ত করতে হবে। এনবিআর আদেশ দিয়ে কোনো নিবন্ধিত বা তালিকাভুক্ত প্রতিষ্ঠানের জন্য ইলেকট্রনিক মাধ্যমে রিটার্ন জমা বাধ্যতামূলক করতে পারবে।
মূলত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রতি মাসের পরিবর্তে প্রতি তিন কর মেয়াদ বা তিন মাস পরপর রিটার্ন জমার সুযোগ দেওয়া হয়েছিল। তবে এ ব্যবস্থায় মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়। ফলে আগের মাসিক রিটার্ন দাখিলের বিধান ফিরিয়ে আনতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ৬৪ ধারা সংশোধনের প্রয়োজন দেখা দেয়।
সংসদ অধিবেশন চলমান না থাকায় সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি গত ১৪ অক্টোবর ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’ জারি করেন। এবার অধ্যাদেশটি জাতীয় সংসদের চলতি অধিবেশনে আইনে রূপান্তরের জন্য খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে এটি সংসদে উপস্থাপন করা হবে।
টিআই