ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
এআই দিয়ে পরীক্ষায় জালিয়াতি করে প্রথম, স্বীকার করলেন পরীক্ষার্থী
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৩:৩৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে জাতীয় পর্যায়ের কর হিসাবরক্ষক যোগ্যতা পরীক্ষায় প্রথম স্থান অর্জনের অভিযোগ স্বীকার করেছেন দক্ষিণ কোরিয়ার এক পরীক্ষার্থী। তাঁর স্বীকারোক্তির পর রোববার (১৫ নভেম্বর) ঘটনাটি তদন্ত শুরু করেছে দেশটির পুলিশ।

এ ঘটনায় আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’-এর স্বচ্ছতা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

চলতি বছরের এপ্রিল ও জুলাইয়ে অনুষ্ঠিত কর হিসাবরক্ষক যোগ্যতা পরীক্ষার উভয় ধাপেই প্রথম হয়েছিলেন ওই পরীক্ষার্থী। প্রায় সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে শীর্ষস্থান অর্জন করায় শুরু থেকেই তাঁর ফলাফল নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। কয়েক মাস ধরে এ নিয়ে আলোচনা-সমালোচনা চলার পর অবশেষে প্রতারণার বিষয়টি স্বীকার করেন তিনি।

দেশটির অ্যাটর্নি লি দন-হোর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওতে নিজের পদবি ‘হান’ উল্লেখ করে পরীক্ষার্থী জানান, ইলেকট্রনিক যন্ত্রপাতি ও জেনারেটিভ এআই ব্যবহার করে তিনি পরীক্ষায় অসদুপায় অবলম্বন করেছেন। তাঁর ভাষায়, সর্বোচ্চ নম্বর অর্জন তাঁর প্রকৃত মেধা কিংবা পরিশ্রমের প্রতিফলন নয়। এ ঘটনার জন্য ক্ষমাও চান তিনি।

আইনজীবীর মাধ্যমে দেওয়া স্বীকারোক্তিতে হান জানান, পরীক্ষার হলে একটি ক্ষুদ্র ক্যামেরা ব্যবহার করে প্রশ্নপত্রের ছবি ধারণ করতেন তিনি। পরে সেসব ছবি এআই টুলে পাঠিয়ে উত্তর সংগ্রহ করতেন। এরপর স্মার্টফোনের মাধ্যমে এআইয়ের দেওয়া উত্তর দেখে পরীক্ষার খাতায় লিখতেন।

এপ্রিলের প্রথম ধাপের পরীক্ষায় ৪০০ নম্বরের মধ্যে ৩৯৭ দশমিক ৫ পেয়েছিলেন হান। ১৬০টি প্রশ্নের মধ্যে মাত্র একটির উত্তর ভুল হয়েছিল তাঁর। এমন অস্বাভাবিক ফলাফলের পর থেকেই স্মার্ট চশমাসহ গোপন ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে জালিয়াতির অভিযোগ উঠেছিল।

তবে প্রথম দিকে এসব অভিযোগ অস্বীকার করেন তিনি। পরে মুখে মাস্ক পরা অবস্থায় ভিডিও বার্তায় সিউল পুলিশের কাছে লিখিত স্বীকারোক্তি জমা দেওয়ার কথা জানান।

সিউল মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, পরীক্ষার্থীর আইনজীবীর মাধ্যমে পরীক্ষায় জালিয়াতির বিষয়ে লিখিত স্বীকারোক্তি পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

ঘটনাটি এমন সময়ে সামনে এসেছে, যখন দক্ষিণ কোরিয়ায় বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’ আয়োজনের প্রস্তুতি চলছে। আগামী ১৯ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক প্রস্তুতি চলছে।

দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষায় প্রবেশ, কর্মজীবন এবং সামাজিক অবস্থান নির্ধারণে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।

এআই ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনা প্রকাশ্যে আসার পর দেশটির প্রেসিডেন্টের কার্যালয়ও উদ্বেগ প্রকাশ করেছে। রোববার এক জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের জানান, সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। আসন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এ ধরনের অনিয়ম ঠেকাতে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

ওই কর্মকর্তা আরও জানান, সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট (সিপিএ) পরীক্ষায়ও সম্ভাব্য জালিয়াতির বিষয়টি উদ্বেগ বাড়িয়েছে। এ পরিস্থিতিতে প্রেসিডেন্টের নীতিবিষয়ক চিফ অব স্টাফ রোববার বিকেলে জরুরি বৈঠক করেন।

এর আগে শুক্রবার প্রধানমন্ত্রী হান সিয়ং-সুক এআই ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের আশঙ্কায় জনমনে তৈরি হওয়া উদ্বেগের কথা স্বীকার করেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সুষ্ঠু, নিরপেক্ষ ও সুশৃঙ্খল পরিবেশে আয়োজন করতে সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নেবে। পরীক্ষার আগের সময় থেকে শুরু করে পুরো প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝