মেক্সিকোর মাদক সাম্রাজ্যের একসময়ের অধিপতি, কুখ্যাত ‘গডফাদার’ মিগেল অ্যাঞ্জেল ফেলিক্স গায়ার্দো আর নেই। ৮০ বছর বয়সে নিজ শহর গুয়াদালাহারার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। কয়েক দশক ধরে কারাবন্দি থাকা এই মাদক সম্রাটের মৃত্যুতে অবসান হলো মেক্সিকোর অপরাধজগতের এক আলোচিত অধ্যায়ের।
‘দ্য গডফাদার’ ও ‘বস অব বসেস’ নামে পরিচিত ফেলিক্স গায়ার্দো ছিলেন ১৯৮০-এর দশকে মেক্সিকোর সবচেয়ে শক্তিশালী মাদক চক্র গুয়াদালাহারা কার্টেলের প্রধান। তাঁর নেতৃত্বেই মেক্সিকোর মাদক পাচার নেটওয়ার্ক আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত হয়।
কলম্বিয়ার মাদক কারবারিদের সঙ্গে জোট গড়ে যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের নতুন পথ তৈরি করেছিলেন তিনি। বিশেষ করে পাবলো এসকোবারের নেতৃত্বাধীন মেডেলিন কার্টেলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ অংশীদারত্ব ছিল। কলম্বিয়ার আন্দিজ অঞ্চলে উৎপাদিত কোকেন মেক্সিকোর সীমান্তপথে যুক্তরাষ্ট্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গড়ে তোলেন তাঁরা।
একপর্যায়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা কোকেনের প্রায় ৮০ শতাংশ মেডেলিন কার্টেল থেকে আসত বলে ধারণা করা হতো। এই বিশাল পাচার নেটওয়ার্ক পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ফেলিক্স গায়ার্দোর।
মাদক ব্যবসার বাইরেও মেক্সিকোর রাজনীতি, পুলিশ ও প্রশাসনে তাঁর কার্টেলের ব্যাপক প্রভাব ছিল। বিভিন্ন পুলিশ নেটওয়ার্ক ও রাজ্য প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল সংগঠনটি।
১৯৮৫ সালে মার্কিন মাদক নিয়ন্ত্রণ সংস্থার (ডিইএ) কর্মকর্তা এনরিক ‘কিকি’ কামারেনাকে নির্যাতন ও হত্যার ঘটনা ফেলিক্স গায়ার্দোর সাম্রাজ্যে বড় ধরনের ধস নামায়।
কামারেনা চিহুয়াহুয়া এলাকায় কার্টেলের একটি বিশাল গাঁজার খামার শনাক্ত করে ধ্বংস করেছিলেন। এর জেরেই তাঁকে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের পর যুক্তরাষ্ট্র মাদক চক্রটির বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে।
১৯৮৯ সালে গ্রেপ্তার হন ফেলিক্স গায়ার্দো। পরে তাঁকে দীর্ঘমেয়াদি কারাদণ্ড দেওয়া হয়। শারীরিক অসুস্থতার কারণে ২০২২ সালে তাঁকে গৃহবন্দি রাখার অনুমতি দেওয়া হলেও প্রযুক্তিগত সমস্যায় সেই স্থানান্তর সম্ভব হয়নি। শেষ পর্যন্ত হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।
মেক্সিকোর আরেক কুখ্যাত মাদক সম্রাট হোয়াকিন ‘এল চাপো’ গুজমানের অপরাধজগতে উত্থানের সঙ্গেও জড়িয়ে আছে ফেলিক্স গায়ার্দোর নাম।
১৯৮০-এর দশকে এল চাপোকে নিজের সংগঠনে যুক্ত করেন তিনি। পরে মাদক পরিবহন ও সরবরাহ ব্যবস্থাপনার দায়িত্বও দেন তাঁকে।
ফেলিক্স গায়ার্দো গ্রেপ্তার হওয়ার পর তাঁর বিশাল মাদক সাম্রাজ্য ভেঙে বিভিন্ন অংশে বিভক্ত হয়ে যায়। সেখান থেকেই পরবর্তী সময়ে গড়ে ওঠে কুখ্যাত সিনালোয়া কার্টেল, যার নেতৃত্বে আসেন এল চাপো। ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে মাদক পাচার ও অর্থ পাচারসহ বিভিন্ন অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড হয় তাঁর।
ফেলিক্স গায়ার্দোর উত্থান, মাদক সাম্রাজ্য এবং এল চাপোর সঙ্গে সম্পর্ক নিয়ে নির্মিত হয়েছে নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘নারকোস: মেক্সিকো’।
মেক্সিকোর মাদক পাচারের ইতিহাসে ‘গডফাদার’ হিসেবে পরিচিত ফেলিক্স গায়ার্দোর নাম দীর্ঘদিন আলোচিত হয়ে থাকবে।
এফএস