দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অর্থনৈতিক সংকট এবং যুদ্ধে অংশগ্রহণের বিরোধিতা করে ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ ও সমাবেশ করেছেন সাধারণ মানুষ। শনিবার রাজধানী প্যারিসসহ বিভিন্ন স্থানে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে পার্স টুডে জানিয়েছে, প্যারিসে বিক্ষোভকারীরা রিপাবলিক স্কয়ার থেকে নেশন স্কয়ার পর্যন্ত মিছিল করেন। এ সময় তারা অর্থনৈতিক সংকট, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং যুদ্ধসংক্রান্ত নীতির প্রতিবাদ জানান।
তবে প্যারিসে বিক্ষোভের শেষ পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা পরে সহিংস রূপ নেয়।
সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ছাড়া ঘটনাস্থল থেকে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।
জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং যুদ্ধের বিরোধিতাকে কেন্দ্র করে ফ্রান্সের বিভিন্ন শহরে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
ইরনা, পার্সটুডে