ছট পূজার প্রসাদের জন্য তৈরি খাবার আগেভাগে খেয়ে ফেলায় নিজের চার বছর বয়সি মেয়েকে বেধড়ক পিটিয়েছেন এক মা।
পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এ ঘটনায় অভিযুক্ত মাকে গ্রেফতার করেছে পুলিশ। ভারতের বিহার রাজ্যের সমস্তিপুর জেলায় এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে।
নিহত শিশুটির নাম সুহানি কুমারী। সে ওই এলাকার রাজু পাসোয়ানের মেয়ে। আর অভিযুক্ত মায়ের নাম রীনা কুমারী।
শিশুটির বাবা রাজু পাসোয়ানের ভাষ্যমতে, পরিবারের সবাই ছট পূজার আয়োজনে ব্যস্ত ছিলেন। অন্য সদস্যরা পূজার ব্যবস্থাপনা করতে পাশের একটি ঘাটে গিয়েছিলেন।
আর বাড়িতে বসে পূজার প্রসাদ হিসেবে নিবেদনের জন্য খাবার তৈরি করছিলেন রীনা কুমারী।
এই ফাঁকে ছোট্ট সুহানি প্রসাদের জন্য রাখা একটি খাবার স্পর্শ করে এবং খেয়ে ফেলে। এতে ভীষণ ক্ষিপ্ত হয়ে রীনা মেয়েকে বেধড়ক মারধর করেন। মারধরের পরপরই সুহানির শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে।
পরে অবস্থা বেগতিক দেখে রীনা মেয়েকে স্থানীয় একটি বেসরকারি নার্সিং হোমে নিয়ে যান। তবে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পুলিশকে দেওয়া বক্তব্যে রাজু জানান, মেয়ের এমন মৃত্যুতে পুরো পরিবার ভেঙে পড়েছে। মেয়েই যখন নেই, তখন তার কাছে এই উৎসবের আর কোনো অর্থই অবশিষ্ট নেই।
স্ত্রীর কঠোর শাস্তি দাবি করে তিনি বলেন, জীবনে এই স্ত্রীকে তার আর কোনো প্রয়োজন নেই- তিনি একাই বাকি সন্তানদের মানুষ করবেন।
রাজু ও রীনা কুমারী দম্পতির তিন সন্তান—সাত বছর বয়সি শিবানী কুমারী, চার বছরের সুহানি কুমারী এবং দেড় বছর বয়সি রাজা কুমার। সুহানির অকালমৃত্যুতে পরিবারটিতে এখন শোকের ছায়া নেমে এসেছে।
থানার ওসি রাকেশ কুমার জানান, চার বছর বয়সি এক শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে।
অভিযুক্ত মাকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এসএ