হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সন্ত্রাসবিরোধী আইনে আকরাম ইমরান (৩৮) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার আমুরোড বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আকরাম ইমরান উপজেলার বনগাঁও গ্রামের মৃত আব্দুল আউয়াল মিয়ার ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে আমুরোড বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পক্ষে আমুরোড বাজারে একটি বিক্ষোভ মিছিল বের করার পরিকল্পনা করছিলেন আকরাম ইমরান। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে মঙ্গলবার সকালে পুলিশি পাহারায় তাঁকে হবিগঞ্জ আদালতে নেওয়া হয়। আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।