বগুড়ার শেরপুরে জ্বালানি তেল পরিমাপে কারসাজি এবং প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় ফারজানা ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার রানিরহাট এলাকায় অবস্থিত ফারজানা ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগ ছিল। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্মকর্তাদের উপস্থিতিতে তেলের পরিমাপ পরীক্ষা করা হয়। এতে দেখা যায়, প্রতি ১০ লিটার ডিজেলে গড়ে প্রায় ২৪০ মিলিলিটার তেল কম দেওয়া হচ্ছে। এছাড়া প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ প্রয়োজনীয় বৈধ কাগজপত্রও দেখাতে পারেনি।
শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল। এ সময় সার্বিক নিরাপত্তায় সহযোগিতা করে শেরপুর থানা-পুলিশের একটি দল।
অভিযান শেষে তেল পরিমাপে কারসাজি ও প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকার দায়ে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়।
এসএ/আরএন