ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঋণ নয়, গ্লোবাল শিল্ডে ৪১৫ কোটি টাকার অনুদান পাচ্ছে বাংলাদেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৪:২১ এএম
X

জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগজনিত আর্থিক ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড কর্মসূচির আওতায় বাংলাদেশ প্রায় ৪১৫ কোটি টাকার অনুদান পেতে যাচ্ছে। প্রাথমিক পর্যায়ে ৩০ মিলিয়ন ইউরো বা প্রায় ৪১৫ কোটি টাকা দেওয়া হবে বাংলাদেশকে। এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করতে পারলে পরবর্তী সময়ে আরও ২০ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৫০ কোটি টাকার অতিরিক্ত অর্থায়নের সম্ভাবনা রয়েছে। পুরো অর্থই অনুদান, কোনো ঋণ নয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

সংবাদ সম্মেলনে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার উপস্থিত ছিলেন।

ড. সাইমুম পারভেজ বলেন, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) নেতৃত্বে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে গ্লোবাল শিল্ডের কাছে অর্থায়নের আবেদন জমা দিয়েছিল। জলবায়ু ও দুর্যোগজনিত ঝুঁকি মোকাবিলায় দেশের আর্থিক প্রস্তুতি, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সুরক্ষা ব্যবস্থা শক্তিশালী করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

তিনি বলেন, এ অর্জন সবুজ, টেকসই ও পরিবেশবান্ধব উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকারের প্রতিফলন। এ উদ্যোগে নেতৃত্ব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ‘গ্রিন প্রাইম মিনিস্টার’ হিসেবে অভিহিত করে তাঁর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, জি-৭ এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অর্থমন্ত্রীদের জোট ভি২০-এর যৌথ উদ্যোগে গ্লোবাল শিল্ড এগেইনস্ট ক্লাইমেট রিস্কস কর্মসূচি প্রতিষ্ঠিত হয়েছে। দুর্যোগের আগেই আর্থিক প্রস্তুতি নিশ্চিত করা এবং দুর্যোগের পর ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

বাংলাদেশে এ কর্মসূচির আওতায় জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি মোকাবিলায় অর্থায়ন এবং বিমাব্যবস্থা শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হবে। এর মধ্যে রয়েছে জাতীয় নীতি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন, বন্যা ও ঘূর্ণিঝড়সহ বিভিন্ন দুর্যোগের ঝুঁকি মূল্যায়ন, তথ্যব্যবস্থা ও মডেলিংয়ের উন্নয়ন এবং কৃষক, জেলে ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য জলবায়ু বিমা ও অন্যান্য আর্থিক সুরক্ষা সম্প্রসারণ।

পাশাপাশি দুর্যোগের পূর্বাভাস বা নির্ধারিত ঝুঁকির ভিত্তিতে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার ব্যবস্থাও গড়ে তোলা হবে।

কর্মসূচিটি দেশের বিদ্যমান জাতীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে এসব প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। এর ফলে উপকূলীয় ও দুর্যোগপ্রবণ এলাকার মানুষের জীবিকা এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষা কাঠামো গড়ে তোলার সুযোগ তৈরি হবে।

প্রাথমিক পর্যায়ের ৩০ মিলিয়ন ইউরোর কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে পরবর্তী সময়ে আরও ২০ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের সম্ভাবনা রয়েছে। এই অতিরিক্ত অর্থায়ন দেশের জলবায়ু ও দুর্যোগ ঝুঁকি মোকাবিলার কার্যক্রম আরও সম্প্রসারণে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থায়নের ধরন স্পষ্ট করে ড. সাইমুম পারভেজ বলেন, ‘এটি সম্পূর্ণ অনুদান, ঋণ নয়।’

সংবাদ সম্মেলনে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব ও জাতিসংঘ অনুবিভাগের প্রধান এ কে এম সোহেল, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক কাজী রওনাকুল ইসলাম টিপু এবং সিভিএফ-ভি২০ সচিবালয়ের ব্যবস্থাপনা পরিচালক ও ভি২০ অর্থবিষয়ক উপদেষ্টা সারা জেন আহমেদ উপস্থিত ছিলেন। এ ছাড়া জলবায়ু বিশেষজ্ঞ, সুধীজন ও সাংবাদিকরা সংবাদ সম্মেলনে অংশ নেন।

-টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝