যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। এ হামলার নিন্দা জানিয়েছে মিশর। এর পরিপ্রেক্ষিতে আত্মরক্ষার যুক্তি দেখিয়ে ইরানের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে মার্কিন বাহিনী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনের শুরুতে বাহরাইনে নিজেদের ঘাঁটির দিকে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) ছোড়া কয়েকটি ড্রোন ভূপাতিত করার কথা জানায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, বাহরাইনের ইসা বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের একটি রাডার সিস্টেম লক্ষ্য করে তারা সফল হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর ‘শত্রুতাপূর্ণ কর্মকাণ্ডের’ জবাব দিতেই এ হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটি রয়েছে।
এরপর নিজেদের সেনা ও সামরিক সম্পদের ওপর ইরানের আগ্রাসনের অভিযোগ তুলে ইরানের কেশম দ্বীপে হামলা চালানোর দাবি করে যুক্তরাষ্ট্র।
কেশম দ্বীপের হরমোজগান প্রদেশের গভর্নরের দপ্তরের এক কর্মকর্তা জানান, দ্বীপটির বেশ কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে। তবে হামলায় আবাসিক, বাণিজ্যিক বা সরকারি কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানান তিনি।
সূত্র: আল জাজিরা
-টিএস