ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ওয়াশিংটনের বুকে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড়
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:১৫ এএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তথাকথিত ‘ডার্টি বোম্ব’ বা তেজস্ক্রিয় বোমা বিস্ফোরণের মাধ্যমে ট্রাম্প প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর হামলার ছক কষছে ইরান। সবশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এমন দাবি করেছেন সাতজন মার্কিন কর্মকর্তা।

যদিও, সূত্রগুলো ইরানের এই পরিকল্পনাকে আপাতত আসন্ন হামলার ইঙ্গিত হিসেবে না দেখছে না, বরং নিজেদের জন্য বিকল্প তৈরি রাখার একটি প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছে।

কিন্তু দুটি সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হাতে আসা এই তথ্য অত্যন্ত সুনির্দিষ্ট। এমনকি এতে স্থান এবং লক্ষ্যবস্তুও অন্তর্ভুক্ত রয়েছে। এ নিয়ে যুক্তরাষ্ট্রের জরুরি পরিকল্পনায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

এক বিবৃতিতে হোয়াইট হাউজের মুখপাত্র লরেন বিস বলেছেন, যুক্তরাষ্ট্র ‘যে কোনো এবং সম্ভাব্য সব হুমকির ওপর নজর রাখছে। কিন্তু এই মুহূর্তে দেশের অভ্যন্তরে কোনো বিশ্বাসযোগ্য হুমকি নেই।’

কিন্তু মার্কিন কর্মকর্তারা এই গোয়েন্দা তথ্যকে ইরানের পক্ষ থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত করার ইচ্ছার সংকেত হিসেবে দেখছেন। কারণ দেশটি চলমান মার্কিন সামরিক হামলা এবং একটি কঠোর অর্থনৈতিক অবরোধের মুখে রয়েছে।

সূত্রগুলোর মতে, তেহরান এখন মার্কিন ভূখণ্ডের ভেতরে সম্ভাব্য হামলার জন্য সক্রিয়ভাবে পরিকল্পনা করছে। যদিও তারা এখনো হামলা চালানোর সিদ্ধান্ত নিয়েছে এমন কোনো প্রমাণ নেই।

দুটি সূত্র জানিয়েছে, কর্মকর্তারা গত সপ্তাহে এই হুমকি মোকাবিলার উপায় নিয়ে আলোচনা করতে বেশ কয়েকটি বৈঠক করেছেন। একটি সূত্র এই পরিকল্পনাকে ‘বিচক্ষণ’ বলে বর্ণনা করেছে।

এই তথ্য এমন এক সময়ে এলো, যখন ইরানের হুমকির কারণে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের অর্থশন্ত্রী স্কট বেসেন্টকে সামরিক আবাসনে স্থানান্তর করেছে সিক্রেট সার্ভিস।

কী এই ‘ডার্টি বোম্ব’?

‘ডার্টি বোম্ব’ বা তেজস্ক্রিয় বোমা সাধারণ পারমাণবিক বোমার চেয়ে সম্পূর্ণ আলাদা। পারমাণবিক বোমা পারমাণবিক বিভাজন (নিউক্লিয়ার ফিশন) প্রক্রিয়ায় কাজ করে এবং এর ধ্বংসক্ষমতা অনেকগুণ বেশি। ডার্টি বোম্বের মাধ্যমে বিপজ্জনক তেজস্ক্রিয় পদার্থ বাতাসে ছড়িয়ে পড়তে পারে, যা কয়েক ব্লক বা এমনকি কয়েক মাইল এলাকা পর্যন্ত ছড়িয়ে যেতে পারে।

তবে বিশেষজ্ঞদের মতে, এতে যদি প্রাণহানি ঘটে, তবে তা মূলত বোমার বিস্ফোরণের কারণেই হবে, তেজস্ক্রিয়তার কারণে নয়।

সাধারণ বোমা তৈরির মতোই ডার্টি বোম্ব তৈরি করা খুব একটা কঠিন নয়; আসল চ্যালেঞ্জ হলো এর জন্য প্রয়োজনীয় তেজস্ক্রিয় উপাদান সংগ্রহ করা।

মার্কিন কর্মকর্তারা সতর্ক করেছেন, অপ্রচলিত অস্ত্র দিয়ে আক্রমণের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ‘ডার্টি বোম্ব’ যেহেতু তুলনামূলকভাবে সহজে তৈরি করা যায়, তাই এ ধরনের বোমা তৈরির জন্য ইরানকে প্রশিক্ষিত কর্মী পাচার করে যুক্তরাষ্ট্রে নেওয়ার প্রয়োজন হবে না। হামলাটি চালানোর জন্য যুক্তরাষ্ট্রের ভেতরে বসবাসকারী কোনো ব্যক্তিকে রাজি করানোই যথেষ্ট।

একটি সূত্রের মতে, মার্কিন গোয়েন্দা সংস্থা ইরানের এমন কথোপকথন পেয়েছে, যেখানে দাবি করা হয়েছে, তারা যুক্তরাষ্ট্রের ভেতরে বোমা তৈরির সরঞ্জাম মজুত করে রেখেছে।

ওই গোয়েন্দা তথ্যের বিশ্বাসযোগ্যতা নিয়ে কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। তবে তারা সাধারণভাবে বিশ্বাস করেন, ইরান এরই মধ্যে পারমাণবিক উপকরণ বা রাসায়নিক উপাদান মজুত করে রেখেছে, যা একটি প্রচলিত অস্ত্রের সঙ্গে মিশিয়ে দেওয়া যেতে পারে এবং এমনটা হওয়ার আশঙ্কাই বেশি।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ‘অফিস অফ দ্য ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স’ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

অন্যদিকে, নিউইয়র্কে জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশনের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ইরান যে কোনো পরিস্থিতিতে রাসায়নিক অস্ত্রের ব্যবহারকে সম্পূর্ণ অবৈধ মনে করে। এ বিষয়ে প্রচারিত মিথ্যা ও বানোয়াট অভিযোগগুলোকে দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছে।

সূত্র: সিএনএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝