ভারতের আমন্ত্রণে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সভায় অংশ নিতে সম্মতি জানিয়েছে পাকিস্তান। আর এ ঘটনাকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে বিতর্ক। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ তুলে দেশটির সঙ্গে ভারতের সম্পর্কের প্রশ্নে সরকারের অবস্থান নিয়ে সমালোচনা করছে বিরোধী দলগুলো।
শনিবার পাকিস্তান ঘোষণা করেছে, দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদ্দিক মালিক ভারতের আয়োজনে এসসিওর ‘সিভিলাইজেশনাল ডায়ালগ’ অনুষ্ঠানে অংশ নেবেন। চলতি মাসের ২০ থেকে ২২ নভেম্বর দিল্লির ঐতিহাসিক পুরানা কিল্লায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ভারত গত ২৮ অক্টোবর জানায়, প্রচলিত রীতি অনুসারে এসসিওর সব সদস্য দেশকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে পাকিস্তানও রয়েছে। গত মে মাসে অপারেশন সিন্দুরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনার পর ভারতে আয়োজিত কোনো অনুষ্ঠানে পাকিস্তানের মন্ত্রীকে আমন্ত্রণ জানানোর ঘটনা এটিই প্রথম বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, এসসিওর সদস্য দেশগুলোর প্রতিনিধিরা সভায় অংশ নিয়ে সভ্যতাভিত্তিক সংলাপ ও সাংস্কৃতিক বোঝাপড়া নিয়ে আলোচনা করবেন।
বিবৃতিতে আরও বলা হয়, পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সভ্যতার মধ্যে সংলাপ এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বাড়াতে এসসিও কাঠামোর মধ্যে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তান সরকার।
ভারতের এই আমন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেসের সংসদ সদস্য মনীশ তিওয়ারি। তিনি বলেন, পহেলগামের বৈসারান উপত্যকায় সন্ত্রাসী হামলার পর থেকে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত এমন কী পরিবর্তন ঘটেছে, যার কারণে পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হলো?
তিনি আরও বলেন, এসসিও একটি বহুপক্ষীয় জোট। সেখানে সদস্য দেশগুলোর প্রতিনিধিদের অংশগ্রহণ স্বাভাবিক বিষয়। তবে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের অবস্থানে কী পরিবর্তন এসেছে, সেটিই মূল প্রশ্ন।
কংগ্রেস নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদও সরকারের নীতির সমালোচনা করেছেন। তার মতে, পাকিস্তানের বিষয়ে ভারত সরকারের অবস্থান স্পষ্ট নয়। সরকারের নীতিগত অবস্থান পরিষ্কার হলে বিরোধীরাও সে অনুযায়ী নিজেদের প্রতিক্রিয়া জানাতে পারবে।
অন্যদিকে, বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন, সন্ত্রাসবাদ পরিহার করে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা পাকিস্তানের স্বার্থেই প্রয়োজন। তার দাবি, সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার কারণে পাকিস্তান নিজেই নানা সংকটের মুখে পড়েছে।
এদিকে, এসসিওতে ভারত বরাবরই সীমান্তপারের সন্ত্রাসবাদের বিষয়টি তুলে ধরে আসছে। সন্ত্রাসবাদ ও এর অর্থায়নের বিরুদ্ধে সদস্য দেশগুলোকে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে আসছে নয়াদিল্লি।
গত সপ্তাহে ভারতের কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত আশা প্রকাশ করেছিলেন, পাকিস্তানও দিল্লির এ অনুষ্ঠানে অংশ নেবে। তিনি বলেন, পাকিস্তানের সভ্যতা ও সাংস্কৃতিক বিকাশ ভারতের থেকে সম্পূর্ণ আলাদা নয়। ১৯৪৭ সালে দেশভাগের পর দুই দেশের সাংস্কৃতিক বিকাশ সমান্তরালভাবে ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, ২০০১ সালে চীনের সাংহাইয়ে রাশিয়া, চীন, কিরগিজস্তান, কাজাখস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের অংশগ্রহণে এসসিও প্রতিষ্ঠিত হয়। ২০১৭ সালে ভারত ও পাকিস্তান সংস্থাটির পূর্ণ সদস্যপদ লাভ করে। পরে ২০২৩ সালে ইরানও পূর্ণ সদস্য হয়।
২০২৪ সালের অক্টোবরে পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিত এসসিওর সরকারপ্রধানদের কাউন্সিলের বৈঠকে ভারতের প্রতিনিধিত্ব করেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এ ছাড়া পরবর্তী এসসিও শীর্ষ সম্মেলনের প্রস্তুতিমূলক বৈঠকে অংশ নিতে গত মাসে ভারতের জাতীয় সমন্বয়ক অলোক দিমরিকে ইসলামাবাদে পাঠানো হয়।
এনডিটিভি / এফএস