সাইবেরিয়ায় রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ১৭ আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে আন্তোনভ এএন-১২ বিমানটি বিধ্বস্ত হয়। তবে দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি।
জানা গেছে, বিমানটি সাইবেরিয়ার নভোসিবিরস্ক থেকে ক্রাসনোয়ার্স্ক ক্রাইয়ের কানস্কের দিকে যাচ্ছিল। পথে দক্ষিণ-পশ্চিম সাইবেরিয়ার কেমেরোভো ওব্লাস্টের ইয়াগুনোভো গ্রামের কাছে বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছেন কুজবাসের গভর্নর ইলিয়া সেরেদিউক। দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ, উদ্ধারকারী দল ও ন্যাশনাল গার্ডের সদস্যদের পাঠানো হয়।
রাশিয়ার সংবাদমাধ্যম ইজভেস্টিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত আন্তোনভ এএন-১২ বিমানে ১৭ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় তাঁদের সবাই নিহত হয়েছেন।
বিমানটি কীভাবে বা কী পরিস্থিতিতে বিধ্বস্ত হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। তবে রেন টিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটিতে আগুন ধরে গিয়েছিল। জ্বলন্ত বিমানটি আবাসিক এলাকায় যাতে আছড়ে না পড়ে, সে জন্য শেষ মুহূর্ত পর্যন্ত ক্রুরা চেষ্টা করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
আন্তোনভ এএন-১২ সোভিয়েত নকশায় তৈরি চার ইঞ্জিনবিশিষ্ট একটি সামরিক পরিবহন বিমান। ১৯৫০-এর দশকে এটি তৈরি করা হয়। সৈন্য, সামরিক সরঞ্জাম ও পণ্য পরিবহনে দীর্ঘদিন ধরে বিমানটি ব্যবহৃত হয়ে আসছে।
এর আগে রাশিয়ার সামরিক বিমান একাধিকবার দুর্ঘটনার শিকার হয়েছে। অক্টোবর মাসে একটি এসইউ-৩০ যুদ্ধবিমান কালিনিনগ্রাদ ওব্লাস্টে নিয়মিত প্রশিক্ষণের সময় বিধ্বস্ত হয়। সেপ্টেম্বরে রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলে প্রশিক্ষণের সময় পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম টিইউ-৯৫ কৌশলগত বোমারু বিমান বিধ্বস্ত হয়ে ছয় ক্রু নিহত হন।
এদিকে মঙ্গলবারই সার্বিয়ায় একটি মিগ-২৯ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে এক পাইলট নিহত হয়েছেন। স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটের দিকে বেলগ্রেড থেকে প্রায় ৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে স্টারা পাজোভা শহরের কাছে দুর্ঘটনাটি ঘটে।
-টিএস