প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও সহিংসতামুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করতে সাতটি অগ্রাধিকার খাতে কাজ করার অঙ্গীকার করেছে বাংলাদেশ। এসব খাতের মধ্যে রয়েছে শিশু সুরক্ষায় সুশাসন ও অর্থায়ন বাড়ানো, আইন সংস্কার, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা এবং নীতি ও সিদ্ধান্ত গ্রহণে শিশুদের অংশগ্রহণের সুযোগ তৈরি করা।
বুধবার (১৮ নভেম্বর) ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় শিশুদের প্রতি সহিংসতা বন্ধবিষয়ক দ্বিতীয় বৈশ্বিক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সম্মেলনের প্লেজিং সেশনে মন্ত্রী বলেন, প্রতিটি শিশুর জন্য নিরাপদ, সুরক্ষিত ও সহিংসতামুক্ত ভবিষ্যৎ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ। এ লক্ষ্য বাস্তবায়নে সরকার সাতটি অগ্রাধিকার খাতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে। এ সময় নারী ও শিশু বিষয়ক সচিব ড. রওশন আরা বেগম উপস্থিত ছিলেন।
সম্মেলনে বাংলাদেশের প্রথম জাতীয় ‘ইভ্যাক প্লেজ’ উপস্থাপন করেন মন্ত্রী। তিনি জানান, দেশের আটটি বিভাগের শিশু, স্থানীয় জনগোষ্ঠী, সুশীল সমাজ, উন্নয়ন সহযোগী এবং সরকারি বিভিন্ন অংশীজনের সঙ্গে পরামর্শের ভিত্তিতে এই অঙ্গীকারনামা তৈরি করা হয়েছে।
সাতটি অগ্রাধিকার খাতের বিষয়ে মন্ত্রী বলেন, প্রথমত, শিশু সুরক্ষায় শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলা, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো এবং শিশুদের কল্যাণে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে সুশাসন ও অর্থায়ন নিশ্চিত করা হবে।
দ্বিতীয়ত, শিশুদের সহিংসতা ও ক্ষতিকর প্রথা থেকে রক্ষায় শিশু আইন এবং বাল্যবিবাহ নিরোধ আইনসহ প্রচলিত আইন ও নীতিমালা সংস্কার করা হবে।
তৃতীয়ত, ইতিবাচক অভিভাবকত্ব বা ‘পজিটিভ প্যারেন্টিং’ কর্মসূচি চালু করা এবং নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হবে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘আনন্দের সঙ্গে শিক্ষা’ ধারণা বাস্তবায়নেও সহায়তা করা হবে।
চতুর্থত, শিশুদের স্বাস্থ্যসেবা, মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক সহায়তা বাড়ানোর পাশাপাশি সমাজসেবা খাতে প্রয়োজনীয় জনবল বৃদ্ধি করা হবে।
পঞ্চমত, অনলাইনসহ ডিজিটাল মাধ্যমে শিশুদের প্রতি সহিংসতা প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
ষষ্ঠত, শিশু সুরক্ষার অগ্রগতি পর্যবেক্ষণে তথ্য সংগ্রহ, তথ্য ব্যবস্থাপনা ও জবাবদিহির কাঠামো আরও শক্তিশালী করা হবে।
সপ্তমত, শিশু ও কিশোর-কিশোরীদের জীবনকে প্রভাবিত করে- এমন নীতি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের মতামত এবং কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করা হবে।
মন্ত্রী বলেন, এসব অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে এমন একটি ভবিষ্যৎ গড়ে তুলতে চায় বাংলাদেশ, যেখানে প্রতিটি শিশু নিরাপদ থাকবে এবং সব ধরনের সহিংসতা থেকে সুরক্ষিত থাকবে।
উল্লেখ্য, ম্যানিলায় আয়োজিত এ সম্মেলনে বিশ্বের ১২৯টি দেশের ৬৬ জন মন্ত্রী ও প্রতিনিধি অংশ নিচ্ছেন। এ ছাড়া বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, আইনপ্রণেতা, মানবাধিকারকর্মী এবং দেশি-বিদেশি গণমাধ্যমকর্মীরাও সম্মেলনে উপস্থিত রয়েছেন।
-টিএস