দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে লালমনিরহাটের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী।
সকাল সাড়ে ১০টায় লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণের পর ‘অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসও পরিদর্শন করবেন সরকারপ্রধান।
পরে সকাল পৌনে ১২টায় সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয় উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
দুপুরে লালমনিরহাট সার্কিট হাউসে যাত্রাবিরতির পর বেলা আড়াইটায় কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
তাঁর সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
কর্মসূচি শেষে বিকেল সোয়া ৪টায় হেলিকপ্টারযোগে লালমনিরহাট থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
-টিএস