ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য,৯ দিনেও গ্রেপ্তার হয়নি কেউ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১:৫৯ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

নোয়াখালীর বেগমগঞ্জে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হওয়া সাত বছর বয়সী তাইবা ইলহাম নুহাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার সাত দিন পর পাওয়া ময়নাতদন্ত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত হয়েছে। তবে হত্যাকাণ্ডের নয় দিন পেরিয়ে গেলেও জড়িত কাউকে শনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

এদিকে নুহা হত্যায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ‘নুহা সংগ্রাম পরিষদ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বেগমগঞ্জের ছয়ানী ও সদর উপজেলার চর মটুয়া এলাকার বাসিন্দারা অংশ নেন।

মানববন্ধন শেষে হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেপ্তার, ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

এর আগে গত সোমবার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে নুহার ময়নাতদন্ত প্রতিবেদন পুলিশের কাছে পাঠানো হয়। প্রতিবেদনে শিশুটিকে গলায় চাপ প্রয়োগ করে শ্বাসরোধে হত্যার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিহত তাইবা ইলহাম নুহা বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নয়নপুর গ্রামের আবুল হোসেন মাস্টার বাড়ির ইকবাল হোসেনের মেয়ে। সে মাহতাপুর গ্রামের মাহতাপুর নূরানী মাদ্রাসার প্রথম জামাতের শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর সদর উপজেলার মরমটুয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাহতাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই দিন বড় ভাই ইয়াছিন আরাফাতের সঙ্গে মাদ্রাসায় যাওয়ার পথে নিখোঁজ হয় নুহা। পরে সন্ধ্যায় মাহতাপুর গ্রামের একটি ঘরের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন দেখতে পান স্বজনেরা।

পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই ঘটনাটিকে হত্যাকাণ্ড দাবি করে মামলা করার চেষ্টা করা হয়। তবে পুলিশ প্রথমে ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করে। পরবর্তী সময়ে ময়নাতদন্ত প্রতিবেদনে শ্বাসরোধে হত্যার বিষয়টি উঠে আসে।

মানববন্ধনে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, ছয়ানী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জামাল উদ্দীন, জামায়াত নেতা মাওলানা আব্দুর রহীমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে নুহাকে শ্বাসরোধে হত্যার বিষয়টি উল্লেখ করা হয়েছে। হত্যাকারীকে শনাক্ত করতে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে কাজ করছেন।


 এমআর / এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝