ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার, মাদক ও চোরাচালানবিরোধী অভিযানের ধারাবাহিকতায় শেরপুর সীমান্তে ১২ জন ব্যক্তিকে আটক করা হয়েছে। ১৭ নভেম্বর মঙ্গলবার রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মিশনমোড় নামক স্থানে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের প্রাক্কালে তাদের আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, আটককৃত ব্যক্তিরা কোনো ধরনের পাসপোর্ট বা বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর জেলার নালিতাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন— মো. ইমদাদুল হক (২৯), গোদাগাড়ী, রাজশাহী; মো. আক্তারুল হক (২০), চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ; মো. মিনারুন (১৯), গোদাগাড়ী, রাজশাহী; মো. শামিম (২৩), চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ; মো. আ. করিম (২১), চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ; মো. ইউসুফ (২১), গোদাগাড়ী, রাজশাহী; মো. শওকত আলী (৩৫), গোদাগাড়ী, রাজশাহী; মো. আলামিন (২৪), শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ; মো. আব্দুল্লাহ (২৫), গোদাগাড়ী, রাজশাহী; মো. হাসান (২৫), গোদাগাড়ী, রাজশাহী; মো. রুবেল (৩০), চাঁপাইনবাবগঞ্জ সদর, চাঁপাইনবাবগঞ্জ; মো. মেসবাউল (২০), গোদাগাড়ী, রাজশাহী।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানিয়েছে, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষা এবং যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে তারা ২৪ ঘণ্টা সদা জাগ্রত রয়েছে। সীমান্তে মাদক, চোরাচালানি মালামাল এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির এই কঠোর নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসএ