দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম ১০ হাজার ৯৫৪ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাজুস।
শুক্রবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ১০ হাজার ৪৩৯ টাকা কমিয়ে ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ১০ হাজার ৯৮২ টাকা কমিয়ে ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ২৯৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৮৬ টাকা।
চলতি নভেম্বর মাসে ধারাবাহিকভাবে সোনার দাম কমাচ্ছে বাজুস। গত ১৯ নভেম্বর ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমানো হয়েছিল ৩ হাজার ২৬৬ টাকা। এর আগে ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়।
এভাবে আট দফায় ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার দাম মোট ২৮ হাজার ৫০৮ টাকা কমেছে।
সোনার পাশাপাশি কমানো হয়েছে রুপার দামও। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার গহনার দাম ৩৫০ টাকা কমিয়ে ৩ হাজার ৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের দাম ২৯২ টাকা কমিয়ে ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ২৩৩ টাকা কমিয়ে ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ১ হাজার ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, শুক্রবার সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এই দাম কার্যকর হয়েছে।
এফএস