ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ষড়যন্ত্র রুখতে নাগরিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ১১:০৫ পিএম
X

যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দেশের সব নাগরিককে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে শুভ কঠিন চীবর দান ও জাতীয় বৌদ্ধ ধর্মীয় মহাসম্মেলন-২০২৬ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বক্তব্যে ধর্ম প্রতিমন্ত্রী বাংলাদেশের দীর্ঘ সংগ্রাম, গণতান্ত্রিক উত্তরণ এবং বৈষম্যহীন ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।

তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে কঠিন সময় পার করে জাতি-ধর্ম-বর্ণ ও দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করেছেন। সেই সংগ্রামের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভোটাধিকার ফিরে এসেছে। রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার পর গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ তাদের গণতান্ত্রিক ভোটাধিকার ফিরে পেয়েছে।

বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এ দেশের অধিকাংশ মানুষ ধর্মপ্রাণ। প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের পাশাপাশি রাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা পাওয়ার সমান অধিকার রয়েছে। রাষ্ট্রীয় ও সামাজিক অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে বাণী পাঠের প্রচলন পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের ভিত্তি তৈরি করে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে শামীম কায়সার লিংকন বলেন, তাঁর পরিকল্পনা ও নেতৃত্বে বাংলাদেশ একটি প্রকৃত কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে গড়ে উঠছে। অতীতে সাধারণ মানুষের মধ্যে ধারণা ছিল, যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন হবে না। তবে বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগে সেই ধারণার পরিবর্তন ঘটছে।

তিনি বলেন, দলমত বা ভোটের হিসাব না করে নিরপেক্ষভাবে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করা হচ্ছে। পাশাপাশি ইমাম, মুয়াজ্জিন, খাদেম, যাজক, সহকারী যাজক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও সেবাইত পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিনিধিদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করা হচ্ছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতি মাসে আড়াই হাজার টাকা সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে, যা জনগণের প্রাপ্য সেবা নিশ্চিত করার একটি উদাহরণ।

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, দেশের ইতিবাচক পরিবর্তন এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বে কল্যাণমুখী রাষ্ট্র গঠনের অগ্রযাত্রা দেখে একটি মহল ঈর্ষান্বিত হচ্ছে। এ অগ্রযাত্রা ব্যাহত করতে নানা ষড়যন্ত্র চলছে।

দেশের জন্য মানুষের আত্মত্যাগ ও রক্তক্ষয়ী সংগ্রামের ইতিহাস স্মরণ করে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় দেশের সব নাগরিককে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সম্মেলনে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদসহ বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝