বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো মন্তব্য করতে চায় না ভারত। তবে দুই দেশের অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে আগ্রহী নয়াদিল্লি।
শুক্রবার (২০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ অবস্থানের কথা জানান।
বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তাঁর কোনো মন্তব্য নেই। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক চাওয়ার ক্ষেত্রে ভারতের অবস্থান ধারাবাহিকভাবে একই রয়েছে। দুই দেশের অভিন্ন ইতিহাস এবং জনগণের সাংস্কৃতিক মূল্যবোধের ওপর এ সম্পর্ক প্রতিষ্ঠিত।
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক এক বক্তব্যের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে এক জনসভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
এদিকে, গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হওয়ার বিষয়ে জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, অভিন্ন নদীগুলোর পানি বণ্টন নিয়ে আলোচনার জন্য দুই দেশের মধ্যে যৌথ নদী কমিশন (জেআরসি) প্রতিষ্ঠিত কাঠামো হিসেবে কাজ করছে। এ কমিশনের মাধ্যমেই এ ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হয়।
তবে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে এটি নবায়ন কিংবা কোনো অন্তর্বর্তী ব্যবস্থা গ্রহণের বিষয়ে ভারতের অবস্থান সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি জয়সওয়াল।
আরএন