প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শুক্রবার (২০ নভেম্বর) দিনভর বৃষ্টিতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে নিম্ন আয়ের শ্রমজীবীরা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা নেই। এটি ভারতের উত্তর অন্ধ্র ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। তবে এর প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
পিরোজপুরে ৩৩২ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ৩০ কিলোমিটার ঝুঁকিপূর্ণ হওয়ায় নদীতীরবর্তী বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।
এদিকে বৃষ্টিতে রাজধানীর গুলিস্তান ও বায়তুল মোকাররম এলাকার ফুটপাতের দোকানপাটে বেচাকেনা কমে গেছে। সদরঘাটেও দক্ষিণাঞ্চলগামী লঞ্চে যাত্রী উপস্থিতি তুলনামূলক কম দেখা গেছে।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, সোমবার পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে।
আরএন