ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
‘কিলার রোবট’ নিয়ন্ত্রণ করতে চায় ১২৮ দেশ, তৈরি হচ্ছে চুক্তির খসড়া
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১১:৫৩ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

‘কিলার রোবট’ নামে পরিচিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত স্বয়ংক্রিয় প্রাণঘাতী অস্ত্র নিয়ন্ত্রণে একটি আন্তর্জাতিক চুক্তির খসড়া তৈরির বিষয়ে একমত হয়েছে ১২৮টি দেশ। আগামী দুই বছরের মধ্যে এ বিষয়ে একটি সম্ভাব্য সমঝোতা কাঠামো তৈরির সিদ্ধান্ত নিয়েছে জাতিসংঘের সদস্য দেশগুলো।


তবে আইনগতভাবে বাধ্যতামূলক বিধিমালা প্রণয়নের বিষয়ে ঐকমত্য হয়নি, যা নিয়ে হতাশা প্রকাশ করেছে মানবাধিকার সংগঠনগুলো।

শনিবার সুইজারল্যান্ডের জেনেভায় প্রচলিত কিছু নির্দিষ্ট অস্ত্র সংক্রান্ত জাতিসংঘ কনভেনশনের (সিসিডব্লিউ) সম্মেলনে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সম্মেলনে প্রায় ১০০টি দেশ দ্রুত আইনগতভাবে বাধ্যতামূলক বিধিমালা চালুর পক্ষে মত দিয়েছিল।


 এসব অস্ত্রের মূল বৈশিষ্ট্য হলো, মানুষের চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় লক্ষ্যবস্তু শনাক্ত করে প্রাণঘাতী হামলা চালাতে সক্ষম।

তবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইসরায়েলের মতো বড় অস্ত্র উৎপাদনকারী দেশগুলো দ্রুত বিধিমালা গ্রহণের উদ্যোগের বিরোধিতা করেছে। এই কনভেনশনের অধীনে কোনো সিদ্ধান্ত নিতে হলে সব সদস্য দেশের সম্মতি থাকা আবশ্যক।


কূটনীতিকদের তথ্য অনুযায়ী, প্রক্রিয়াগত বিষয়ে রাশিয়ার আপত্তির কারণে সম্মেলনের কয়েকটি আনুষ্ঠানিক অধিবেশন বাতিল করতে হয়। এরপর চূড়ান্ত সিদ্ধান্তের প্রশ্নে সারারাত আলোচনা চলে।

সম্মেলনের সভাপতি সুইস কূটনীতিক জুলিয়েন থোনি জানান, কয়েকটি দেশ চুক্তি নিয়ে ‘নেগোসিয়েশন বা আলোচনা’ শব্দটি ব্যবহারে আপত্তি তোলে। সে কারণে চূড়ান্ত নথিতে আলোচনার বদলে একটি আন্তর্জাতিক দলিল ‘এলাবোরেশন বা প্রণয়নের’ কথা উল্লেখ করা হয়েছে।


তিনি বলেন, এক দশকের বেশি সময় ধরে চলা আলোচনায় মানবিক নিরস্ত্রীকরণের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তার ভাষায়, ‘আজকের গভীর বিভক্ত বিশ্বেও বহুপক্ষীয় কূটনীতি যে বাস্তব ফলাফল আনতে পারে, এই সিদ্ধান্ত তার প্রমাণ।’

থোয়েনি আরও জানান, আলোচনার পরবর্তী ধাপে আন্তর্জাতিক মানবিক আইনের আওতায় কোন ধরনের অস্ত্র নিষিদ্ধ হবে এবং কোনগুলো নির্দিষ্ট নিয়ন্ত্রণের শর্তে ব্যবহারের অনুমতি পাবে, তা নির্ধারণ করা হবে।


অন্যদিকে, সিদ্ধান্তটিকে দুর্বল ও অস্পষ্ট বলে সমালোচনা করেছে স্বয়ংক্রিয় অস্ত্রের বিরুদ্ধে কাজ করা ৩০০টি সংগঠনের জোট ‘স্টপ কিলার রোবটস’। তাদের অভিযোগ, এই সিদ্ধান্তে আইনগতভাবে বাধ্যতামূলক বিধিমালা তৈরির কোনো স্পষ্ট পথনির্দেশনা নেই।


জোটটির নির্বাহী পরিচালক নিকোল ভ্যান রুইয়েন বলেন, যুদ্ধক্ষেত্রে ইতোমধ্যে স্বয়ংক্রিয় অস্ত্র মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে এমন ব্যবস্থাও রয়েছে, যেগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নিজেরাই লক্ষ্যবস্তু নির্বাচন করতে পারে। আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি তৈরিতে বিলম্ব বেসামরিক নাগরিক ও মানবজাতিকে ঝুঁকির মুখে ফেলছে।


হিউম্যান রাইটস ওয়াচের অস্ত্রবিষয়ক উপপরিচালক ভেরিটি কোয়েলও সম্মেলনের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, নতুন বিধিমালা প্রণয়নে জরুরি পদক্ষেপ নেওয়ার যে প্রয়োজন, এই সিদ্ধান্ত তা পূরণ করতে পারেনি; অথচ প্রযুক্তির অগ্রগতি দ্রুত এগিয়ে চলেছে।

সূত্র: আল জাজিরা


টিআই

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝