বৃহৎ বহুজাতিক কোম্পানিগুলোর ওপর ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে অভ্যন্তরীণ ন্যূনতম টপ-আপ কর (ডিএমটিটি) চালু করতে যাচ্ছে সৌদি আরব। এর ফলে দেশটিতে কার্যক্রম পরিচালনাকারী যোগ্য বহুজাতিক গ্রুপগুলোর মুনাফার ওপর কার্যকর করের হার অন্তত ১৫ শতাংশ নিশ্চিত করা হবে।
সৌদি আরবের জাকাত, ট্যাক্স ও কাস্টমস কর্তৃপক্ষ (জাটকা) জানিয়েছে, দেশের কর রাজস্ব সুরক্ষা এবং আন্তর্জাতিক কর মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য আনতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন করটি শুধু সেই বহুজাতিক গ্রুপগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হবে, যাদের বার্ষিক সমন্বিত রাজস্ব আগের চার অর্থবছরের মধ্যে অন্তত দুটিতে ৭৫ কোটি ইউরো বা সমপরিমাণ সৌদি রিয়াল ছিল। তবে আন্তর্জাতিক কার্যক্রম নেই- এমন সম্পূর্ণ দেশীয় কোম্পানিগুলো এ করের আওতার বাইরে থাকবে।
জাটকা স্পষ্ট করেছে, ১৫ শতাংশ করহার কোম্পানির মোট রাজস্বের ওপর নয়, বরং মুনাফার কার্যকর করহারের ওপর প্রযোজ্য হবে। কোনো প্রতিষ্ঠানের কার্যকর করহার ১৫ শতাংশের নিচে নেমে গেলে ঘাটতি পূরণে অতিরিক্ত কর আদায় করা হবে।
অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (ওইসিডি) ও জি-২০-এর বৈশ্বিক কর চুক্তির ‘পিলার টু’ কাঠামোর আওতায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর লক্ষ্য, বহুজাতিক কোম্পানিগুলো যেন কম করহারের দেশে মুনাফা স্থানান্তর করে কর এড়াতে না পারে এবং সৌদি আরব নিজ ভূখণ্ডে অর্জিত মুনাফার ওপর প্রাপ্য কর আদায় করতে পারে।
এ বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জাটকার দাপ্তরিক মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে।
সূত্র: গালফ নিউজ
-টিএস