ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
মালয়েশিয়ায় ৩৪ কারখানায় সাঁড়াশি অভিযান, বাংলাদেশিসহ ৫১৯ প্রবাসী আটক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১:২৬ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

মালয়েশিয়াজুড়ে বিদেশি কর্মীদের বিরুদ্ধে বড় ধরনের সাঁড়াশি অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। ৩৪টি কারখানায় একযোগে পরিচালিত এ অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৫১৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

গত ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী এ অভিযানে মোট ১ হাজার ৭০২ জনের পরিচয় ও অভিবাসনসংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ (জেআইএম) জানিয়েছে, দেশজুড়ে পরিচালিত এ বিশেষ অভিযানে ৫৬৯ জন অভিবাসন কর্মকর্তা অংশ নেন। তাদের সঙ্গে বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাও অভিযানে সহযোগিতা করেন।

আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, ভারত, চীন ও তাইওয়ানের নাগরিক রয়েছেন। তাদের বয়স ২২ থেকে ৫৬ বছরের মধ্যে। অভিযানের উল্লেখযোগ্য ঘটনা ঘটে সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের মেরু এলাকায়। সেখানে একটি পেরেক প্রক্রিয়াজাতকরণ কারখানায় অভিযান চালিয়ে ১৩১ জনের পরিচয় ও কাগজপত্র যাচাই করা হয়। এ সময় ৭১ জন বিদেশি নাগরিককে আটক করেন অভিবাসন কর্মকর্তারা।

এছাড়া কারখানায় বিদেশি কর্মী নিয়োগের বিষয়ে তদন্তে সহায়তার জন্য স্থানীয় নাগরিকদের কাছে ৪২টি সাক্ষী হিসেবে হাজির হওয়ার নোটিশ জারি করা হয়েছে। এসব নোটিশের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে বিদেশি কর্মীদের নিয়োগ ও কর্মসংস্থানসংক্রান্ত তথ্য সংগ্রহ করা হবে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, অবৈধ অভিবাসন ও বিদেশি কর্মী নিয়োগের অনিয়ম ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শুধু অবৈধ বিদেশি কর্মীদের আটক করেই অভিযান শেষ করা হবে না; তাদের অবৈধভাবে নিয়োগ দেওয়া নিয়োগকর্তা, আশ্রয়দাতা এবং এ কাজে সহযোগিতাকারীদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিভাগটি আরও সতর্ক করে বলেছে, বৈধ অনুমতি ছাড়া বিদেশি কর্মী নিয়োগ কিংবা অবৈধ অভিবাসীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার সঙ্গে জড়িত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝