রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘বন্ধু’ বলায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। চীনে ত্রিপক্ষীয় বৈঠকের আগে ট্রাম্পের ওই মন্তব্যের জবাবে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, পুতিনকে কী নামে ডাকা হবে, তা ট্রাম্পের বিষয়। তবে ইউক্রেনবাসীর কাছে তিনি শত্রু ও খুনি।
জেলেনস্কির মতে, দিনরাত মানুষ হত্যার কারণে বিশ্বের অধিকাংশ মানুষের কাছেই পুতিন একজন খুনি। তাঁকে ‘বন্ধু’ হিসেবে উল্লেখ করলে তাঁর ওপর যথেষ্ট চাপ সৃষ্টি হয় না বলেও মন্তব্য করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। জেলেনস্কির নিজ শহর ক্রিভি রিহে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫২ জন। এ ছাড়া খারকিভে ১১ জন এবং রিভনেতে একজন আহত হয়েছেন।
এর আগে শুক্রবার কিয়েভ ও পশ্চিম ইউক্রেনে শতাধিক ক্ষেপণাস্ত্র এবং চার শতাধিক ড্রোন হামলা চালায় রাশিয়া। এসব হামলায় অন্তত নয়জন নিহত হন। জেলেনস্কি এ হামলাকে চলতি বছরের সবচেয়ে বড় হামলা বলে উল্লেখ করেছেন।
শুক্রবার ট্রাম্প দাবি করেন, পুতিন যুদ্ধ শেষ করতে চান এবং তাঁদের মধ্যে সুসম্পর্ক ইতিবাচক ভূমিকা রাখতে পারে। অন্যদিকে, শুক্রবার ভোরে একটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্রসহ তিনটি বস্তু পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে। এ ঘটনাকে মস্কোর ‘উসকানি’ হিসেবে উল্লেখ করেছে ওয়ারশ। এর পরিপ্রেক্ষিতে ন্যাটো যুদ্ধবিমান মোতায়েন করেছে। তবে এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: বিবিসি
-টিএস