ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
পোশাকশিল্প ধ্বংস হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরা: ওয়াহিদউদ্দিন মাহমুদ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ৪:৫৪ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি



তৈরি পোশাক খাত নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র ও উসকানি চলছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, পোশাকশিল্প ধ্বংসের পথে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন শ্রমিকরা। তাই শ্রমিকদের মজুরি রাতারাতি বাড়ানোর পরিবর্তে মালিক ও শ্রমিক- উভয় পক্ষকে আলোচনার টেবিলে বসে সমস্যা সমাধানে উদ্যোগী হতে হবে।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর এফডিসিতে ‘এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এ প্রতিযোগিতায় মক স্পিকার হিসেবে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা, দুর্নীতি ও অনিয়ম নিয়ন্ত্রণ, ব্যবসার খরচ কমানো এবং সর্বক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে। দেশে টেকসই শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করা না গেলে কোনো সম্ভাবনাই কাজে লাগানো সম্ভব হবে না। এ জন্য প্রয়োজন দক্ষ ও চৌকস প্রশাসনিক ব্যবস্থা।

তিনি আরও বলেন, বড় ধরনের রাজনৈতিক বিপর্যয়ের পর অস্থিরতা ও ষড়যন্ত্র তত্ত্বের চর্চা চলতেই থাকে। তবে স্বচ্ছতা, জবাবদিহি ও আত্মবিশ্বাস থাকলে কোনো ষড়যন্ত্র তত্ত্বই খুব বেশি গ্রহণযোগ্যতা পায় না। এসব পরিস্থিতি মোকাবিলায় গণতান্ত্রিক শাসনব্যবস্থার ধারাবাহিকতা বজায় রেখে রাষ্ট্রীয় সক্ষমতা বাড়াতে হবে।

অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, বাংলাদেশের চ্যালেঞ্জ শুধু অর্থনৈতিক নয়, রাজনৈতিকও। বারবার রাজনৈতিক অস্থিরতা এবং শাসনব্যবস্থার পরিবর্তনের কারণে দেশ পিছিয়ে যাচ্ছে। একতরফা বাণিজ্য সুবিধা পেয়ে যে অভ্যাস তৈরি হয়েছে, তা থেকে বেরিয়ে আসতে হবে। দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার মতো প্রয়োজনীয় পরিবেশ তৈরির দিকে অতীতে যথাযথ দৃষ্টি দেওয়া হয়নি।

এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের উৎপাদনশীলতাকে আরও সময়োপযোগী করার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে তৈরি পোশাক খাতের শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, এলডিসি উত্তরণের সময়সীমা আরও তিন বছর বাড়ানোয় শুল্কমুক্ত সুবিধা হারানোর তাৎক্ষণিক ঝুঁকি থেকে স্বস্তি পেয়েছে বাংলাদেশ। তবে এই বর্ধিত সময় আত্মতুষ্টিতে না থেকে নিজেদের দুর্বলতা কাটিয়ে চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিতে হবে।

তিনি বলেন, নানা সীমাবদ্ধতার কারণে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের ব্যবসায়ীরা এখনো যথাযথ প্রস্তুতি নিতে পারেননি। উত্তরণের পর তৈরি পোশাক খাতের বড় কারখানাগুলো তেমন সমস্যায় না পড়লেও মাঝারি ও ছোট কারখানাগুলো বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

হাসান আহমেদ চৌধুরী কিরণ আরও বলেন, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনার সঙ্গে দেশের তৈরি পোশাক খাত প্রত্যক্ষভাবে জড়িত। এ খাতের চলমান অস্থিরতা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হবে এবং বিদেশি ক্রেতাদের আস্থা কমবে। এতে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় পোশাক খাত ঝুঁকিতে পড়বে। পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত হলে দেশের রপ্তানি আয়, কর্মসংস্থান ও বিনিয়োগে সরাসরি নেতিবাচক প্রভাব পড়বে।

তিনি বলেন, এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ থাকলেও সঠিক প্রস্তুতি নিলে তা সম্ভাবনায় পরিণত হবে। এলডিসি থেকে উত্তরণ বাংলাদেশের জন্য চ্যালেঞ্জের সমাপ্তি নয়, বরং সম্ভাবনার সূচনা। এটি দরজা বন্ধ হওয়ার গল্প নয়, বরং নতুন দরজা খোলার সুযোগ। এর ফলে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পাবে, ব্র্যান্ড ইমেজ উজ্জ্বল হবে, ঋণমান উন্নত হবে এবং বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়বে। নতুন বাজার ধরার সুযোগও তৈরি হবে। তাই শুল্কসুবিধা অর্জনের পাশাপাশি উৎপাদনশীলতা, দক্ষতা, প্রযুক্তি, পণ্যের মান, উদ্ভাবন ও সুশাসনের শক্তিতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা করতে হবে।

‘এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ অপেক্ষা সম্ভাবনা বেশি’ শীর্ষক ছায়া সংসদে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিকে পরাজিত করে প্রাইমএশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ড. তাজুল ইসলাম চৌধুরী তুহিন, সাংবাদিক জাকির হোসাইন, সাংবাদিক মাইদুর রহমান রুবেল, সাংবাদিক মো. আতিকুর রহমান ও সাংবাদিক তারিকুল ইসলাম মাসুম। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলগুলোকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

-টি/এস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝