ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিশ্ববাজারে স্বর্ণের দাম ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ১২:২৭ পিএম
X

বিশ্ববাজারে স্বর্ণের দামে টানা দরপতন অব্যাহত রয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) দিনের একপর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ৩ হাজার ৫০২ ডলার ৪৯ সেন্টে নেমে আসে, যা গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন। শক্তিশালী মার্কিন ডলার, যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার আশঙ্কা এবং এআই খাতের শেয়ারবাজারে অস্থিরতার কারণে স্বর্ণের বাজারে এ নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় শনিবার (২১ নভেম্বর) রাত ২টা ২৫ মিনিটে স্পট গোল্ডের দাম দাঁড়ায় প্রতি আউন্স ৩ হাজার ৫১৪ ডলার ৮ সেন্টে। আগের দিনের তুলনায় দাম কমেছে ৩ শতাংশ।

এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস স্বর্ণের দাম কমল। চলতি সপ্তাহে এখন পর্যন্ত মূল্যবান এই ধাতুর দাম কমেছে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ। গত ২০ মার্চ শেষ হওয়া সপ্তাহের পর এটিই সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। অন্যদিকে, ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য ৪ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫১৫ ডলার ৪০ সেন্টে দাঁড়িয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, এআই খাতের শেয়ারবাজারে দরপতনের কারণে বিনিয়োগকারীরা লোকসান সামাল দিতে স্বর্ণের বিনিয়োগ বিক্রি করছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রে সুদের হার বাড়ার সম্ভাবনা এবং ডলারের শক্তিশালী অবস্থান স্বর্ণের দামের ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যেও সুদের হার বাড়ানোর ইঙ্গিত পাওয়া গেছে। ফিলাডেলফিয়া ফেডের প্রেসিডেন্ট আনা পলসন মূল্যস্ফীতির ঝুঁকির কথা উল্লেখ করে বলেছেন, পরিস্থিতি বিবেচনায় সুদের হার আরও বাড়ানোর প্রয়োজন হতে পারে। বাজার বিশ্লেষকদের ধারণা, ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের সুদের হার ২৫ বেসিস পয়েন্ট বাড়ার সম্ভাবনা ৯৬ শতাংশ।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও দরপতন দেখা গেছে। শুক্রবার রুপার দাম ৪ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪০ ডলার ৯৯ সেন্টে নেমেছে। এ ছাড়া প্লাটিনামের দাম ৩ দশমিক ৪ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম ২ দশমিক ১ শতাংশ কমেছে।

এদিকে বাজার বিশ্লেষক জিম ওয়াইকফ মনে করছেন, আগামী কয়েক কার্যদিবসে স্বর্ণ ও রুপার দাম আরও কমতে পারে। তবে খুব শিগগিরই এ দুই মূল্যবান ধাতুর দরপতন থামতে পারে বলেও ধারণা করছেন তিনি।

সূত্র: রয়টার্স
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝