দেশের ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ, উদ্যোক্তা সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে আজ রাজধানীর আগারগাঁওয়ে শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মেলায় সারা দেশের ৪৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নেবে। এর মধ্যে প্রায় ৬০ শতাংশ প্রতিষ্ঠান নারী উদ্যোক্তাদের পরিচালিত। পাদুকা, চামড়াজাত ও পাটজাত পণ্য, হস্তশিল্প, ফ্যাশন ডিজাইন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত পণ্য, হারবাল, জুয়েলারি এবং তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতের উদ্যোক্তারা মেলায় তাঁদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন।
সরকারের অগ্রাধিকারমূলক ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগের আওতাভুক্ত প্রতিষ্ঠানও মেলায় অংশ নেবে। মেলা চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।
শনিবার শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর এসব তথ্য জানান। তিনি বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও শিল্পায়নে সিএমএসএমই খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সর্বশেষ সমীক্ষা অনুযায়ী, দেশে প্রায় ১ কোটি ১৭ লাখ সিএমএসএমই প্রতিষ্ঠান রয়েছে, যা মোট নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ। শিল্প খাতের মোট জনবলের প্রায় ৮৫ শতাংশ এ খাতে কর্মরত। এ খাতে প্রায় ৩ কোটি ৪০ লাখ মানুষের কর্মসংস্থান রয়েছে। উদ্যোক্তাদের প্রায় ৭০ শতাংশ ঢাকার বাইরে এবং ৬৫ শতাংশ নারী।
জিডিপিতে সিএমএসএমই খাতের অবদান প্রায় ৩০ শতাংশ। তবে এ অবদানে সরকার সন্তুষ্ট নয় বলে জানান শিল্পমন্ত্রী। তিনি বলেন, আগামী দিনে জিডিপিতে এ খাতের অবদান ৫০ থেকে ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।
জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পণ্যের গুণগত মানোন্নয়ন ও কার্যকর বিপণন কৌশল বিশ্ববাজারে টিকে থাকার অন্যতম শর্ত বলেও উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে বলেন, জাতীয় এসএমই পণ্যমেলা উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের পরিচিতি বৃদ্ধি, নতুন বাজার সৃষ্টি এবং ক্রেতা ও বিনিয়োগকারীদের সঙ্গে সংযোগ স্থাপনের অনন্য সুযোগ। তরুণ ও যুব সমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে গড়ে তোলা এবং কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাতের বিপুল সম্ভাবনা রয়েছে।
-টিএস