তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ নিয়ে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশ্লেষণের বিভিন্ন দিক নিয়ে আপত্তি জানিয়েছিল তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। পরিবারের সদস্যসংখ্যা, উপার্জনকারী সদস্য, দারিদ্র্যসীমা, বাসাভাড়াসহ জীবনযাত্রার ব্যয় নির্ধারণের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলে সংগঠনটি। এবার এসব আপত্তির বিস্তারিত জবাব দিয়েছে সিপিডি। সংস্থাটি বলেছে, তাদের হিসাব কোনও চূড়ান্ত মজুরি প্রস্তাব নয়; বরং ন্যূনতম মজুরি নিয়ে আলোচনার জন্য একটি সম্ভাব্য পরিসর।
রবিবার (২২ নভেম্বর) বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের কাছে পাঠানো এক চিঠিতে নিজেদের অবস্থান ও বিশ্লেষণের ব্যাখ্যা তুলে ধরেছেন সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।
চিঠিতে সিপিডি জানিয়েছে, তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে শ্রমিক ও কারখানা-উভয় পক্ষের বাস্তবতা বিবেচনায় নেওয়া জরুরি। এ জন্য হালনাগাদ তথ্যের ভিত্তিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে বড় পরিসরের জরিপ প্রয়োজন। একইসঙ্গে জীবনযাত্রার ব্যয়, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, মূল্যস্ফীতি ও ব্যবসার সক্ষমতাসহ সংশ্লিষ্ট বিষয়গুলো বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিতে হবে।
গত ১৮ নভেম্বর এক মিডিয়া ব্রিফিংয়ে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নিয়ে নিজেদের বিশ্লেষণ তুলে ধরে সিপিডি। এর পরিপ্রেক্ষিতে ১৯ নভেম্বর গবেষণার বিভিন্ন অনুমান ও পদ্ধতি নিয়ে পর্যবেক্ষণ জানিয়ে চিঠি দেয় বিজিএমইএ। সংগঠনটির সেই পর্যবেক্ষণের জবাবেই পাঁচ পৃষ্ঠার বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে গবেষণা সংস্থাটি।
পরিবারের সদস্যসংখ্যা ও উপার্জনকারী নিয়ে বিতর্ক
সিপিডির বিশ্লেষণে প্রতি পরিবারে চার জন সদস্য এবং গড়ে ১ দশমিক ৫৮ জন উপার্জনকারী ধরা হয়েছে। এ হিসাবের ভিত্তি হিসেবে বিবিএসের খানা আয়-ব্যয় জরিপ (এইচআইইএস) ২০২২, বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস), অ্যানকারসহ বিভিন্ন গবেষণার তথ্য পর্যালোচনা করেছে সংস্থাটি।
সিপিডির পর্যালোচনায় পরিবারের গড় সদস্যসংখ্যা ৩ দশমিক ৬০ থেকে ৪ দশমিক ১৮ জনের মধ্যে পাওয়া গেছে। অন্যদিকে উপার্জনকারী সদস্যের সংখ্যা ১ দশমিক ৩৭ থেকে ২ দশমিক ১০ জন। এসব তথ্যের মধ্যমান বিবেচনা করে চার জন সদস্য ও ১ দশমিক ৫৮ জন উপার্জনকারী নির্ধারণ করা হয়েছে।
বিজিএমইএর পক্ষ থেকে মধ্যমানের পরিবর্তে সরল গড় ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছিল। জবাবে সিপিডি জানিয়েছে, পাঁচটি উৎসে পাওয়া পরিবারের সদস্যসংখ্যার সরল গড় ৩ দশমিক ৯৩ জন। আর তাদের ব্যবহৃত মধ্যমান চার জন। দুই হিসাবের পার্থক্য খুবই সামান্য। ফলে এ কারণে মজুরির হিসাবে বড় ধরনের পরিবর্তন হওয়ার কথা নয়।
পরিবারের সদস্যসংখ্যা নির্ধারণে নতুন কোনও প্রতিনিধিত্বশীল জরিপ করা হয়নি বলেও স্বীকার করেছে সিপিডি। সংস্থাটির বক্তব্য, বিদ্যমান তথ্যের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে একাধিক গবেষণার তথ্য ব্যবহার করে হিসাবগুলোকে নির্দেশক বা আনুমানিক হিসাব হিসেবে উপস্থাপন করা হয়েছে।
পরিবারের সদস্য কম ধরলে মজুরি কমবে ১৮৬ টাকা
পরিবারের সদস্যসংখ্যা নির্ধারণে বিবিএসের আর্থসামাজিক ও জনমিতিক জরিপ (এসইডিএস) ২০২৩-এর তথ্য ব্যবহারের প্রস্তাব দিয়েছিল বিজিএমইএ। ওই জরিপে পরিবারের সদস্যসংখ্যা পাওয়া গেছে ৩ দশমিক ৯৬ জন।
এ বিষয়ে সিপিডি বলেছে, পরিবারের আয়, ব্যয়, ভোগ ও দারিদ্র্যসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য এইচআইইএস বেশি প্রাসঙ্গিক। তাদের দারিদ্র্যসীমাভিত্তিক মজুরি হিসাবের মূল ভিত্তি এইচআইইএস ২০২২ এর ঢাকা বিভাগের শহরাঞ্চলের উচ্চ দারিদ্র্যসীমা। এতে মাথাপিছু উচ্চ দারিদ্র্যসীমা ধরা হয়েছে ৪ হাজার ৯২২ টাকা।
তবে বিজিএমইএর প্রস্তাব অনুযায়ী পরিবারের সদস্যসংখ্যা চার জনের পরিবর্তে ৩ দশমিক ৯৬ জন ধরলেও মজুরির হিসাবে বড় পরিবর্তন হবে না। সিপিডির হিসাব অনুযায়ী, এতে দারিদ্র্যসীমাভিত্তিক মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে কমে দাঁড়াবে ১৮ হাজার ৩৯২ টাকা। অর্থাৎ পার্থক্য মাত্র ১৮৬ টাকা।
এ কারণে একটি নির্দিষ্ট অঙ্ককে চূড়ান্ত মজুরি প্রস্তাব হিসেবে না দেখিয়ে আলোচনার জন্য সম্ভাব্য একটি পরিসর তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
শহরের শ্রমিকের মজুরি নির্ধারণে গ্রামের দারিদ্র্যসীমা কেন নয়
পোশাকশ্রমিকদের জীবনযাত্রার ব্যয় নির্ধারণে শহরাঞ্চলের দারিদ্র্যসীমা ব্যবহারের যৌক্তিকতাও তুলে ধরেছে সিপিডি।
সংস্থাটির মতে, তৈরি পোশাকশিল্পের বিপুলসংখ্যক শ্রমিক শহর ও শহরসংলগ্ন শিল্পাঞ্চলে বসবাস করেন। তাদের বড় একটি অংশকে বাসাভাড়া দিতে হয় এবং খাদ্যসহ দৈনন্দিন প্রয়োজনের অধিকাংশ পণ্য বাজার থেকে কিনতে হয়। ফলে তাদের প্রকৃত জীবনযাত্রার ব্যয় নির্ধারণে গ্রামীণ দারিদ্র্যসীমা যথাযথ চিত্র তুলে ধরবে না।
সিপিডি আরও জানিয়েছে, এইচআইইএস ২০২২-এ ব্যবহৃত ঢাকা বিভাগের শহরাঞ্চলের দারিদ্র্যসীমা শুধু ঢাকা মহানগরের জন্য নির্ধারিত নয়। গাজীপুর ও নারায়ণগঞ্জসহ ঢাকা বিভাগের শহর হিসেবে শ্রেণিবদ্ধ শিল্পাঞ্চলের ক্ষেত্রেও এটি প্রাসঙ্গিক।
অন্যদিকে বিজিএমইএ শহর ও গ্রামের দারিদ্র্যসীমার সরল গড় ব্যবহারের যে প্রস্তাব দিয়েছে, সেটি যথাযথ হবে না বলে মনে করে সিপিডি। কারণ, কত শতাংশ শ্রমিক শহরে এবং কত শতাংশ গ্রামে বসবাস করেন, সেই তথ্য ছাড়া দুই এলাকার দারিদ্র্যসীমাকে সমান গুরুত্ব দেওয়া যুক্তিসংগত নয়।
তবে শ্রমিকদের বসবাসের এলাকাভিত্তিক তথ্য পাওয়া গেলে শ্রমিকসংখ্যা অনুযায়ী ভারিত গড় দারিদ্র্যসীমা নির্ধারণ করা যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। এ জন্য সদস্য কারখানাগুলোর এলাকাভিত্তিক শ্রমিকসংখ্যার তথ্য বিজিএমইএর কাছে চেয়েছে সিপিডি।
বাসাভাড়া দুবার গণনার অভিযোগ নাকচ
সিপিডির মজুরি হিসাব নিয়ে বিজিএমইএর আরেকটি আপত্তি ছিল বাসাভাড়া গণনা নিয়ে। সংগঠনটির পর্যবেক্ষণ অনুযায়ী, বিবিএসের খাদ্যবহির্ভূত ব্যয়ের মধ্যে আবাসন ব্যয় অন্তর্ভুক্ত রয়েছে। এরপর আবার আলাদাভাবে ১০ হাজার টাকা বাসাভাড়া যোগ করলে একই ব্যয় দুবার গণনার আশঙ্কা থাকে।
জবাবে সিপিডি জানিয়েছে, বিবিএসের খাদ্যবহির্ভূত ব্যয়ের হিসাব থেকে ঘরভাড়া এবং খাদ্য ব্যয় থেকে তামাকের খরচ বাদ দিয়ে অন্যান্য অপরিহার্য ব্যয় নির্ধারণ করা হয়েছে। এসব ব্যয়ের মধ্যে পোশাক, ইউটিলিটি বিল, শিক্ষা, যাতায়াত, ব্যক্তিগত পরিচর্যা ও যোগাযোগ খরচ অন্তর্ভুক্ত ছিল। ফলে বাসাভাড়া দুবার গণনা করা হয়নি।
সংস্থাটি বলেছে, জীবনধারণ উপযোগী মজুরি নির্ধারণের আন্তর্জাতিক পদ্ধতিতেও খাদ্য, আবাসন ও অন্যান্য মৌলিক প্রয়োজনের ব্যয় আলাদাভাবে হিসাব করার নীতি অনুসরণ করা হয়।
৯ শতাংশ ইনক্রিমেন্টে নতুন শ্রমিকের ন্যূনতম মজুরি বাড়েনি
বার্ষিক মজুরি বৃদ্ধির হার ৫ শতাংশ থেকে ৯ শতাংশ করার বিষয়টিও বিজিএমইএর পর্যবেক্ষণে উঠে এসেছে। এ বিষয়ে সিপিডি বলেছে, ২০২৪ সালের ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের বার্ষিক মজুরি বৃদ্ধির হার ৯ শতাংশ করা হয়েছে। এতে বর্তমানে কর্মরত শ্রমিকদের মজুরি বেড়েছে। তবে বার্ষিক ইনক্রিমেন্ট ও নতুন শ্রমিকের জন্য নির্ধারিত ন্যূনতম মজুরি এক বিষয় নয়।
সিপিডির ব্যাখ্যা অনুযায়ী, বার্ষিক ইনক্রিমেন্ট মূল বেতনের ভিত্তিতে নির্ধারিত হয়। অন্যদিকে ন্যূনতম মজুরি হলো নির্দিষ্ট গ্রেডে নতুন নিয়োগ পাওয়া শ্রমিকের জন্য নির্ধারিত সর্বনিম্ন মজুরি।
বর্তমান মজুরিকাঠামো অনুযায়ী, সর্বনিম্ন গ্রেডে নতুন যোগদানকারী একজন শ্রমিকের মোট ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। বার্ষিক ইনক্রিমেন্টের ফলে পুরোনো শ্রমিকদের মজুরি বাড়লেও নতুন শ্রমিকের জন্য নির্ধারিত এই ন্যূনতম মজুরি পরিবর্তিত হয়নি। তবে ইনক্রিমেন্টের কারণে কারখানার সামগ্রিক শ্রমব্যয় বেড়েছে।
মজুরি বৃদ্ধির পক্ষে, তবে সহিংসতার বিপক্ষে
সিপিডির বিশ্লেষণে মূলত সর্বনিম্ন বা এন্ট্রি গ্রেডের মজুরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে সংস্থাটি বলেছে, এর অর্থ অন্য গ্রেডগুলোর মজুরি কম গুরুত্বপূর্ণ নয়। দক্ষতা, কাজের দায়িত্ব, অভিজ্ঞতা ও উৎপাদনশীলতার ভিত্তিতে যৌক্তিক গ্রেডভিত্তিক মজুরিকাঠামো থাকা প্রয়োজন।
শিল্পের সক্ষমতা, উৎপাদন ব্যয়, সুদের হার, রফতানিমূল্য ও যুক্তরাষ্ট্রের শুল্কের চাপ বিবেচনায় নিয়েই মজুরির একটি পরিসর তুলে ধরা হয়েছে বলে জানিয়েছে সিপিডি। সংস্থাটির মতে, মৌলিক চাহিদাভিত্তিক মজুরি নির্ধারণে পরিসরের নিম্নসীমা এবং কারখানার মজুরি দেওয়ার সক্ষমতা বিবেচনায় উচ্চসীমা সহায়ক হতে পারে। তবে কারখানার ব্যয়, পণ্যের মূল্য ও মুনাফার হালনাগাদ তথ্য ছাড়া প্রকৃত সক্ষমতা নির্ধারণ কঠিন।
চিঠির শেষাংশে সিপিডি বলেছে, শ্রমিক ও কারখানা– উভয় পক্ষের বাস্তবতা বিবেচনায় নিয়ে বড় পরিসরে বৈজ্ঞানিক নমুনাভিত্তিক জরিপ করা প্রয়োজন। ন্যূনতম মজুরি নির্ধারণে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৪১ ধারায় উল্লেখিত জীবনযাত্রার ব্যয়, উৎপাদন খরচ, উৎপাদনশীলতা, মূল্যস্ফীতি ও ব্যবসার সক্ষমতার মতো মানদণ্ড অনুসরণ করতে হবে।
সিপিডি মজুরি বৃদ্ধির পক্ষে অবস্থান জানিয়ে বলেছে, ভাঙচুর, সহিংসতা ও শিল্পে অস্থিরতা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এতে শ্রমিক, শিল্প ও দেশ– সব পক্ষই ক্ষতিগ্রস্ত হয়।
একইসঙ্গে জ্বালানি সংকট, উচ্চ সুদের হার কিংবা দুর্নীতির মতো কাঠামোগত সমস্যার দায় শ্রমিকদের কম মজুরি দিয়ে তাদের ওপর চাপিয়ে দেওয়া উচিত নয় বলে মনে করে সংস্থাটি। এসব সমস্যার সমাধান আলাদাভাবে খুঁজতে হবে।
সিপিডি আশা প্রকাশ করেছে, মজুরি বোর্ড শ্রমিকদের ন্যায্য চাহিদা এবং দেশের অর্থনৈতিক বাস্তবতা– দুই দিক বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে বিজিএমইএ, শ্রমিক সংগঠন ও অন্যান্য অংশীজনের সঙ্গে তথ্য ও বিশ্লেষণভিত্তিক আলোচনা অব্যাহত রাখতেও আগ্রহ প্রকাশ করেছে গবেষণা সংস্থাটি।
টিআই