মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, কিলো ফ্লাইটের সদস্য এবং তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে কিলো ফ্লাইটের সদস্যসহ মোট ৩৬ জনকে সংবর্ধনা দেওয়া হয়।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার তেজগাঁওয়ে বিএএফ শাহীন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের সদস্য ও তাঁদের উত্তরাধিকারীরা অংশ নেন।
অনুষ্ঠানে বিমান বাহিনী প্রধান উপস্থিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের হাতে উপহারসামগ্রী তুলে দেন। এ সময় তিনি স্বাগত বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
বিমান বাহিনী প্রধান বলেন, মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মাত্র তিনটি বিমান নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে এ বাহিনী অত্যাধুনিক যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, বিভিন্ন ধরনের রাডার, ক্ষেপণাস্ত্র এবং ওভারহলিং প্রযুক্তিতে সমৃদ্ধ হয়েছে।
তিনি আরও বলেন, বিমান বাহিনীর অপারেশনাল ও প্রশাসনিক সক্ষমতা বাড়াতে বেশ কয়েকটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে কিছু প্রকল্প সফলভাবে বাস্তবায়নও করা হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যদের সাহসিকতা, অবদান ও আত্মত্যাগ বর্তমান প্রজন্মের বিমানসেনাদের দেশপ্রেমে অনুপ্রাণিত করে। জাতি তাঁদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।
অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ঘাঁটির বিমানসেনারা উপস্থিত ছিলেন।
এসএস