কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতিতে আবর্জনাতুল্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, সন্ত্রাস, আগুন ও হত্যা- এগুলোই আওয়ামী লীগের কাজ। গোপালগঞ্জের ঘটনা এবং এর সঙ্গে জড়িতদের কোনো অন্যায় দেশের মানুষ মেনে নেবে না।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘আওয়ামী লীগ, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা ও বাংলাদেশের গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক সভার আয়োজন করে ন্যাশনাল লেবার পার্টি।
ভারতের প্রতি ইঙ্গিত করে শামসুজ্জামান দুদু বলেন, তাঁরা ভারতের সঙ্গে বন্ধুত্ব চান। তবে এমন একজনকে আশ্রয় বা কাছে রাখা হলে বন্ধুত্ব কীভাবে সম্ভব, সেই প্রশ্নও তোলেন তিনি। তাঁর মতে, যত দিন তাঁকে আশ্রয় দেওয়া হবে, তত দিন শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বেই সমালোচনার মুখে পড়তে হবে।
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নাকচ করে বিএনপির এই নেতা বলেন, গত ৫০-৫৫ বছরে এমন শাসক দেখা যায়নি। গায়ের জোরে তিন মেয়াদে ক্ষমতায় থেকে আজীবন থাকার স্বপ্ন দেখলেও নির্বাচনের মাধ্যমে নয়, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তাঁকে দেশ ছাড়তে হয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তির ফিরে আসার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে দুদু বলেন, ঐক্যের কোনো বিকল্প নেই। সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো সন্ত্রাসী বা পরজীবীর ভবিষ্যৎ থাকবে না।
ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান ও ১২-দলীয় জোটের সমন্বয়ক লায়ন মো. ফারুক রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী রাশেদ খাঁন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাইনুল ইসলাম, জাতীয় পার্টির (কাজী জাফর) কো-চেয়ারম্যান আহসান হাবিব লিংকন, আমজনতা দলের সাধারণ সম্পাদক তারেক রহমান এবং ১২-দলীয় জোটের শীর্ষ নেতারা।
সভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. মাইনুল ইসলাম বলেন, আওয়ামী লীগকে নতুন করে নিষিদ্ধ করার প্রয়োজন নেই; দেশের জনগণই দলটিকে নিষিদ্ধ করে দিয়েছে। দলটি নিজেরাই নিজেদের কবর রচনা করেছে বলেও মন্তব্য করেন তিনি।
সভাপতির বক্তব্যে লায়ন মো. ফারুক রহমান বলেন, গত ১৭ বছরের আন্দোলনে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাসে থেকেও দিকনির্দেশনা দিয়ে আন্দোলন সচল রেখেছিলেন। অথচ বর্তমানে আওয়ামী লীগের মাঠপর্যায়ের নেতাকর্মীরাও সরে গেছেন।
-ট