ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বহিষ্কৃত ও বিদ্রোহী নেতাদের বিএনপিতে ফেরানোর উদ্যোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলেও তিনি জানিয়েছেন, দলে ফেরার জন্য কোনো আবেদন করেননি।
সোমবার (২৩ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে রুমিন ফারহানা বলেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন আমি দলে ফিরব কি না? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করিনি।’
তিনি আরও বলেন, ‘আমার কোনো কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরব- এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন, তার জন্য আমার শুকরিয়ার শেষ নেই।’
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির অন্তত ৭০ জন নেতা ধানের শীষের প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় তাঁদের বহিষ্কার করা হয়। বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতাকেও বহিষ্কার করে দলটি। পরে তাঁদের অধিকাংশই দলে ফেরার আবেদন করেন।
বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সাতজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তাঁরা হলেন ব্যারিস্টার রুমিন ফারহানা, লুৎফর রহমান খান আজাদ, শেখ মজিবুর রহমান ইকবাল, আব্দুল হান্নান, আতিকুল আলম শাওন, সালমান ওমর রুবেল এবং এ জেড এম রেজওয়ানুল হক।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বহিষ্কৃত নেতাদের প্রায় সবাই ভুল স্বীকার করে দলে ফেরার আবেদন করেছেন। তবে প্রতিটি আবেদনের প্রেক্ষাপট এক নয়। স্থানীয় বাস্তবতা বিবেচনায় যাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার জরুরি বা যাঁদের অপরাধ তুলনামূলক কম গুরুতর, তাঁদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।
-টিএস