ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
হাসিনা দেশে ফিরলে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে: শামা ওবায়েদ
✎
⏲ প্রকাশিত: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:৪৫ পিএম
X

ভারত থেকে বাংলাদেশে ফিরলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আগামী ডিসেম্বরে হাসিনার দেশে ফেরার পরিকল্পনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ও রাজপথে সহিংসতা বাড়ার মধ্যে এ মন্তব্য করেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শামা ওবায়েদ বলেন, হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের কাছে প্রত্যর্পণের চেষ্টা চালাচ্ছে ঢাকা। বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ভারত তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে বলে আশা করছে সরকার।

রোববার (২২ নভেম্বর) দেওয়া সাক্ষাৎকারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, হাসিনা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করামাত্রই গ্রেফতার হবেন। এরপর তাকে কারাগারে নেওয়া হবে এবং আইন নিজস্ব গতিতে চলবে।

তিনি বলেন, “আমরা চাই, ভারত প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান জানিয়ে একজন দণ্ডিত আসামিকে বাংলাদেশের কাছে হস্তান্তর করুক। তাকে আইনের মুখোমুখি হতে হবে।”

২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ওই বছরের আগস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। বাংলাদেশে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় রয়েছে। গণঅভ্যুত্থানের পর তার দল আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়। ওই আন্দোলন ও অস্থিরতায় সর্বোচ্চ ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার আগে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছিলেন হাসিনা। তবে অন্তর্বর্তী সরকার তার আবেদন প্রত্যাখ্যান করেছে।

এদিকে, হাসিনার প্রত্যর্পণের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। গত এপ্রিলে মন্ত্রণালয় জানিয়েছিল, বাংলাদেশের প্রত্যর্পণের অনুরোধটি পর্যালোচনা করছে তারা।
আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সহিংসতা
হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে আওয়ামী লীগের সমর্থকেরা রাজপথে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। চলতি মাসে দলটি এক সপ্তাহব্যাপী বিক্ষোভ ও সমাবেশের ঘোষণা দেয়।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, গত ১০ দিনে অন্তত ২৮ জেলায় কয়েক ডজন ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা নথিভুক্ত করেছে পুলিশ। এসব ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য ও বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

শামা ওবায়েদ এসব সহিংসতাকে হাসিনার ‘রাজনৈতিকভাবে দেউলিয়া’ দলের টিকে থাকার কৌশল বলে মন্তব্য করেছেন। তবে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা খালিদ মাহমুদ চৌধুরী এসব ঘটনার জন্য বর্তমান রাজনৈতিক নেতৃত্বকে দায়ী করেছেন।

ভারত থেকে হাসিনাকে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে দেশটির সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের মর্যাদা, আত্মসম্মান ও স্বার্থ অক্ষুণ্ন রেখে ভারতের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায় ঢাকা।

এসএস    
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝