চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বসতবাড়িতে অভিযান চালিয়ে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামে বিজিবি ও পুলিশের যৌথ দল এ অভিযান চালায়। অভিযানে আমিনুল ইসলামের বাড়ি থেকে এসব মাদকদ্রব্য ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
আটক আমিনুল ইসলাম ধোবড়া গ্রামের লুৎফল হকের ছেলে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন অপু এসব তথ্য জানান।
তিনি বলেন, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৯ বিজিবি ও পুলিশের একটি যৌথ টহল দল অভিযান পরিচালনা করে। ব্যাটালিয়নের উপ-অধিনায়কের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে আমিনুল ইসলামকে আটক করা হয়। পরে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৮৫ গ্রাম হেরোইন ও ১৯টি ককটেল উদ্ধার করা হয়।
এদিকে, সীমান্ত সুরক্ষা ও চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবে চলতি বছরের প্রথম ১০ মাসে বিজিবির রংপুর রিজিয়নের আওতাধীন বিভিন্ন সীমান্তে ২২১ কোটি ৪৫ লাখ ৪৫ হাজার ১১৩ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। একই সময়ে এসব অপরাধে জড়িত থাকার অভিযোগে ৬১৫ জনকে আটক করেছে বিজিবি।
এসএস