নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা একটি মামলায় মো. আলম (৪০) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ষষ্ঠ আদালতের বিচারক নাহিদ নিয়াজী এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত মো. আলম সিলেটের গোলাপগঞ্জ থানার স্বরশ্বতী এলাকার মৃত আবদুর রহমানের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার রহিম মার্কেটে ইউসুফ হাওলাদারের টিনশেড বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুস সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আলম পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে থাকা ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার ও জব্দ করা হয়।
এ ঘটনায় এসআই (নিরস্ত্র) নাসির আহম্মেদ বাদী হয়ে ২০১৭ সালের ১৯ এপ্রিল সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২৪ জুন আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সাক্ষ্য-প্রমাণ ও যুক্তিতর্ক পর্যালোচনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আলমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার ৫০০ টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
এসএস/আরএন