শীতের আগমনে দেশি-বিদেশি নানা প্রজাতির পরিযায়ী পাখির বিচরণে মুখরিত হয়ে উঠেছে নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহ্যবাহী জবই বিল। প্রতিবছরের মতো এবারও শীতের শুরুতে বিলটিতে আসতে শুরু করেছে অতিথি পাখির দল। স্থানীয় পরিবেশকর্মীদের দাবি, গত বছরের তুলনায় চলতি বছর বিলে পাখির সংখ্যা ও প্রজাতির বৈচিত্র্য বেশি দেখা যাচ্ছে।
বিলে বিভিন্ন প্রজাতির হাঁস, পাতি সরালি ও অন্যান্য জলচর পাখির অবাধ বিচরণে তৈরি হয়েছে মনোরম প্রাকৃতিক পরিবেশ। পাখির কলকাকলি আর বিস্তীর্ণ জলরাশির সৌন্দর্যে জবই বিল এখন প্রকৃতিপ্রেমী, পাখিপ্রেমী ও আলোকচিত্রীদের আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে।
জবই বিল জীববৈচিত্র্য সংরক্ষণ ও সমাজকল্যাণ সংস্থার ২০২৫ সালের জরিপ অনুযায়ী, ওই বছর বিলে ২৬ প্রজাতির পরিযায়ী পাখিসহ মোট ৪৪ প্রজাতির পাখির উপস্থিতি রেকর্ড করা হয়। তবে চলতি বছর গত বছরের তুলনায় পাখির সংখ্যা ও জলচর পাখির প্রজাতিগত বৈচিত্র্য বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয় পরিবেশকর্মীরা।
সংস্থাটির প্রতিষ্ঠাতা সভাপতি ও শিক্ষক সোহানুর রহমান সবুজ বলেন, এ বছর গত বছরের তুলনায় বিভিন্ন প্রজাতির পাখির আগমন বেড়েছে। বিশেষ করে বিভিন্ন প্রজাতির হাঁস ও পাতি সরালিসহ নানা জলচর পাখির উপস্থিতি বেশি লক্ষ্য করা যাচ্ছে। পাখির সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে সংস্থাটি উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।
তিনি আরও বলেন, পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে স্থানীয় মানুষের সচেতনতা ও সহযোগিতা জরুরি। পাখি শিকার বন্ধের পাশাপাশি বিলের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
এদিকে, জবই বিলের প্রাকৃতিক সৌন্দর্য ও পাখির বৈচিত্র্য উপভোগ করতে দেশের বিভিন্ন স্থান থেকে পাখিপ্রেমী, প্রকৃতিপ্রেমী ও আলোকচিত্রীরা আসবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, যথাযথ সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে জবই বিল দেশের অন্যতম আকর্ষণীয় পাখি পর্যবেক্ষণকেন্দ্র হিসেবে পরিচিতি পেতে পারে।
সংশ্লিষ্টরা দর্শনার্থীদের পাখি দেখা ও ছবি তোলার সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তাঁদের মতে, কোনোভাবেই পাখিদের বিরক্ত করা বা শিকারে উৎসাহিত করা উচিত নয়। অতিথি পাখির নিরাপদ আবাসস্থল ও বিলের জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসন, পরিবেশকর্মী এবং স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।
এসএস