পিরোজপুরের নেছারাবাদে সুপারি ব্যবসায়ী হাসানুর রহমান অপু হত্যা মামলায় শেখ রুম্মান হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় সুমনা বেগম ও সাদিয়া ইসলামকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া মামলার অপর চার আসামিকে খালাস দেওয়া হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে পিরোজপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মজিবুর রহমান এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি শেখ রুম্মানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাস কারাভোগ করতে হবে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৪ অক্টোবর রাতে সুপারি বিক্রির পাওনা টাকা পরিশোধের কথা বলে নেছারাবাদ উপজেলার সেহাঙ্গল গ্রামের ব্যবসায়ী হাসানুর রহমান অপুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান শেখ রুম্মান হোসেন। এরপর থেকে নিখোঁজ ছিলেন অপু।
নিখোঁজের তিন দিন পর রুম্মানের নির্মাণাধীন বসতঘরের পাশে একটি খড়ের গাদার নিচে মাটিচাপা অবস্থায় অপুর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বোন সুমাইয়া আক্তার বাদী হয়ে ওই দিনই নেছারাবাদ থানায় হত্যা মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত শেখ রুম্মানকে যাবজ্জীবন, সুমনা বেগম ও সাদিয়া ইসলামকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে মামলার অপর চার আসামিকে খালাস দেওয়া হয়।
মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আকন এবং আসামিপক্ষে অ্যাডভোকেট আহসানুল কবির বাদল আইনি লড়াই করেন।
এসএস