ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
থাইল্যান্ডকে হারিয়ে ইমার্জিং ট্রফি শেষ করল বাংলাদেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:৩২ পিএম
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

ইমার্জিং নেশন্স ট্রফিতে নিজেদের শেষ ম্যাচে থাইল্যান্ড নারী দলকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সেমিফাইনালে ওঠার স্বপ্ন আগেই শেষ হয়ে গেলেও শেষ ম্যাচে জয় তুলে নিয়ে টুর্নামেন্ট শেষ করেছে নিগার সুলতানা জ্যোতির দল।

ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৫ উইকেট হারিয়ে ১২৯ রানের বেশি করতে পারেনি থাইল্যান্ড। ফলে ৩ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগ্রেসরা।

১৩৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় থাইল্যান্ড। ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলেই নাথাকান চানথামকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন বাংলাদেশের স্পিনার সানজিদা আক্তার মেঘলা। পরে ১৭ রান করা পান্নিতা মায়াকে বোল্ড করে ফেরান রিতুমনি।

দুই উইকেট হারানোর পর নান্নাপাত ও নারুইমেইয়ের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে থাইল্যান্ড। তৃতীয় উইকেটে দুজনের গড়া জুটি দলকে জয়ের লড়াইয়ে ফিরিয়ে আনে। তবে শেষ পর্যন্ত লক্ষ্য ছুঁতে পারেনি তারা। ৫৭ রান করে আউট হন নান্নাপাত। নারুইমেই করেন ৩৩ রান। শেষদিকে সার্নসিরে প্ল্যান্টের ১১ বলে ১৩ রানও থাইল্যান্ডের জয়ের জন্য যথেষ্ট হয়নি।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন সানজিদা আক্তার মেঘলা। তিনি দুটি উইকেট নেন। এ ছাড়া রিতুমনি ও জান্নাতুল ফেরদৌস একটি করে উইকেট শিকার করেন।

এর আগে টসের পর ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। মাত্র ১৫ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় দলটি। দিলারা ২ এবং সাথি রানি ১২ রান করে সাজঘরে ফেরেন। পরে শারমিন আক্তার ১৬ রান করে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন।

এরপর নিগার সুলতানা জ্যোতি ও অধিনায়ক সোবহানা মোস্তারি দলের হাল ধরেন। দুজনের ব্যাটে লড়াই করার মতো সংগ্রহ পায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন জ্যোতি। তাকে সঙ্গ দিয়ে সোবহানা যোগ করেন ২৮ রান। এ ছাড়া স্বর্ণা আক্তার ১৪ এবং রিতুমনি করেন ১২ রান।

পাকিস্তানের বিপক্ষে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়ালেও পরের ম্যাচে নেদারল্যান্ডসের কাছে হেরে সেমিফাইনালে ওঠার সম্ভাবনা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত থাইল্যান্ডকে হারিয়ে জয় দিয়েই ইমার্জিং নেশন্স ট্রফির অভিযান শেষ করল বাংলাদেশের মেয়েরা।

এসএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝