ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দেশে গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা চলছে: স্পিকার
✎ অবজারভার প্রতিবেদক
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৯:৫১ পিএম আপডেট: ১৮.১১.২০২৬ ৯:৫৪ পিএম
X

বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করার লক্ষ্যে একটি দেশবিরোধী অপশক্তি দেশে গৃহযুদ্ধ লাগানোর পাঁয়তারা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। এ পরিস্থিতিতে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে ওই অপশক্তিকে প্রতিহত করা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

স্পিকার বলেন, ‘মাননীয় সদস্যবৃন্দ, একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে আপনারা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিহত করবেন এবং নাগরিকদের নিরাপত্তা বিধান করবেন। এ মর্মে আপনাদের বিনীত অনুরোধ জানাচ্ছি।’

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন স্পিকার। এ সময় সংসদ নেতা ও বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রশংসা করে তিনি বলেন, তাঁদের উদ্দীপনামূলক বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক অনুপ্রাণিত হয়েছেন।

অধিবেশনে জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে গঠনমূলক আলোচনা, মতামত প্রদান এবং সংসদীয় কার্যক্রম পরিচালনায় সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

সংসদ পরিচালনায় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ, বিরোধী দলের চিফ হুইপসহ সব সংসদ সদস্যকে ধন্যবাদ জানান স্পিকার। একই সঙ্গে ডেপুটি স্পিকার ও সভাপতি মণ্ডলীর সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অধিবেশনের কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য সংসদ সচিবালয়, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সেবাদানকারী কর্মকর্তা-কর্মচারীদের ধন্যবাদ জানান তিনি।

এ ছাড়া বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনসহ দেশের সব গণমাধ্যমের সাংবাদিক, কর্মকর্তা ও প্রতিনিধিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন স্পিকার।

বক্তব্যের শেষ পর্যায়ে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন সমাপ্তি-সংক্রান্ত রাষ্ট্রপতির আদেশ পাঠ করেন তিনি।
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝