সিরাজগঞ্জে রাতের আঁধারে জেলা বিএনপির কার্যালয়ে লকডাউনের সমর্থনে ব্যানার টাঙিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। একই দিনে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ছাড়া সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না এবং জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেলের বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এসব ঘটনার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বুধবার (১৮ নভেম্বর) ভোররাত সাড়ে ৩টার দিকে শহরের ইবি রোডে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে ব্যানার টাঙানো হয়। আওয়ামী লীগ ঘোষিত ৮ দফা বাস্তবায়নের দাবিতে ১৯ নভেম্বরের লকডাউনের সমর্থনে এ ব্যানার টাঙান ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনার ৩৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
এদিকে বুধবার বিকেলে শহরের এসএস রোডে অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় কার্যালয়ের ভেতরে আগুন দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতাকে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
অন্যদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম রুবেলের বাড়িতে আগুন দেওয়ার দৃশ্য দেখা গেছে। তবে কারা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপিকে দায়ী করে বিভিন্ন পোস্ট দিচ্ছেন।
এ ছাড়া বুধবার সন্ধ্যার দিকে সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুন দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ভাইরাল হওয়া ভিডিওতে রাতের অন্ধকারে তাদের দলীয় কার্যালয়ে ব্যানার লাগানোর দৃশ্য দেখেছেন। মানুষ যখন ঘুমিয়ে থাকে, তখন কেউ ব্যানার টাঙিয়ে ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দিলেই সেটি রাজনীতি হয়ে যায় না। এগুলো ছেঁচড়া চোরের মতো কাজ।
জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুরের বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগ অফিস ভাঙচুরের বিষয়টি তাদের জানা নেই। বিএনপি এ ধরনের কর্মকাণ্ডে বিশ্বাস করে না। সারাদেশে আওয়ামী লীগ নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে বলে দাবি করে তিনি বলেন, এ কারণে সারাদেশের মতো সিরাজগঞ্জের মানুষও বিক্ষুব্ধ। ২০২৪ সালের আগস্টে যারা স্বৈরাচারকে বিদায় করেছিল, সেই বিক্ষুব্ধ ছাত্র-জনতাই আওয়ামী লীগ অফিস ভাঙচুর করেছে। এর সঙ্গে বিএনপির কোনো সংশ্লিষ্টতা নেই।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করতে বিক্ষুব্ধ জনতা সেখানে এসেছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিবৃত্ত করে।
আরএন