ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গাজীপুরে ই-রিকশা চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে ভাগ হচ্ছে নগরী
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ৭:২৩ পিএম
X

গাজীপুর মহানগরে ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে পুরো নগরীকে আটটি জোনে ভাগ করার পরিকল্পনা নিয়েছে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক)। প্রতিটি জোনের জন্য আলাদা রং নির্ধারণ করা হবে। ফলে এক জোনে চলাচলের অনুমতি পাওয়া ই-রিকশা অন্য জোনে চলতে পারবে না।

এ লক্ষ্যে ই-রিকশার সংখ্যা নির্ধারণ, নিবন্ধন এবং চলাচল নিয়ন্ত্রণে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে নগর কর্তৃপক্ষ। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর জোনভিত্তিক ব্যবস্থাপনা বাস্তবায়নের পরবর্তী কার্যক্রম শুরু হবে।

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, গত ২৯ অক্টোবর সরকার ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা (ই-রিকশা) চলাচল বিধিমালা-২০২৬’ জারি করে। নতুন বিধিমালার আওতায় দেশের সব সিটি করপোরেশন এলাকায় ই-রিকশার নিবন্ধন, চলাচলের রুট, সংখ্যা ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো নিয়ন্ত্রণের বিধান রাখা হয়েছে।

বিধিমালা অনুযায়ী, দুই যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার এককালীন নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। এর বার্ষিক নবায়ন ফি ৪ হাজার টাকা। অন্যদিকে, চার যাত্রী ধারণক্ষমতার ই-রিকশার নিবন্ধন ফি ১০ হাজার টাকা এবং বার্ষিক নবায়ন ফি ৫ হাজার টাকা। এ ছাড়া ফিটনেস সনদের জন্য ১ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। নিবন্ধন ও নবায়ন বাবদ আদায় করা অর্থ সংশ্লিষ্ট সিটি করপোরেশনের রাজস্ব হিসেবে জমা হবে।

নিবন্ধিত প্রতিটি ই-রিকশার জন্য বিনা মূল্যে কিউআর কোডযুক্ত নম্বর প্লেট সরবরাহ করা হবে। পাশাপাশি গাড়ির বিস্তারিত পরিচিতি ও সংশ্লিষ্ট চার্জিং স্টেশন বা গ্যারেজের তথ্য সংরক্ষণের ব্যবস্থাও থাকবে। এর মাধ্যমে নিবন্ধিত যানবাহন শনাক্ত ও চলাচল তদারকি করা সহজ হবে।

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তানজিলা খানম জানান, নগরীকে আটটি জোনে ভাগ করে প্রতিটি এলাকায় ভিন্ন রঙের ই-রিকশা চলাচলের পরিকল্পনা করা হয়েছে। কোন জোনে কতটি ই-রিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে, তা নির্ধারণের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন ও নির্দেশনা পাওয়ার পর পরবর্তী কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

নতুন বিধিমালায় ই-রিকশার কারিগরি সক্ষমতা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এ জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নির্ধারিত কারিগরি মানদণ্ড অনুসরণ করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট ট্রাফিক বিভাগের প্রতিস্বাক্ষরসহ ফিটনেস সনদ সংগ্রহ করতে হবে। এসব শর্ত পূরণের পর সিটি করপোরেশনের নির্ধারিত প্রক্রিয়ায় নিবন্ধনের আবেদন করতে পারবেন চালকেরা।

বিধিমালা অনুযায়ী, নিবন্ধন ছাড়া কোনো ই-রিকশা সিটি করপোরেশন এলাকায় চলাচল করতে পারবে না। অর্থাৎ প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা, ফিটনেস সনদ ও নিবন্ধন সম্পন্ন করার পরই সড়কে চলাচলের অনুমতি মিলবে।

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা মুহাম্মদ সানাউল কাদের বলেন, ই-রিকশার নিবন্ধন কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে নিবন্ধনের আগে সংশ্লিষ্ট গাড়ির বুয়েটের ফিটনেস সনদ এবং ট্রাফিক বিভাগের ক্লিয়ারেন্স থাকতে হবে। চালকেরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে ৩০ দিনের মধ্যে লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হবে।

অন্যদিকে, সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার জানিয়েছেন, চলতি সপ্তাহে ই-রিকশার লাইসেন্স কার্যক্রম শুরু হচ্ছে না। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে আগামী সপ্তাহে এ কার্যক্রম চালুর পরিকল্পনা রয়েছে।

নতুন উদ্যোগের বিষয়ে ই-রিকশাচালকেরা মনে করছেন, নিবন্ধন ও অনুমোদনের মাধ্যমে বৈধভাবে গাড়ি চালানোর সুযোগ তৈরি হলে নিয়ম মেনে চলার প্রবণতা বাড়বে। পাশাপাশি জোনভিত্তিক রং চালু হলে এক এলাকার ই-রিকশা অন্য এলাকায় প্রবেশের প্রবণতা কমবে। এতে সড়কে যানবাহনের চাপ নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা প্রতিষ্ঠা সহজ হতে পারে।

সিটি করপোরেশন কর্তৃপক্ষের পরিকল্পনা বাস্তবায়িত হলে গাজীপুর মহানগরে ই-রিকশা চলাচলে নতুন নিয়ন্ত্রণব্যবস্থা কার্যকর হবে। তবে এর সফলতা নির্ভর করবে নিবন্ধন প্রক্রিয়ার স্বচ্ছতা, জোনভিত্তিক যানবাহনের সংখ্যা নির্ধারণ এবং নিয়মিত তদারকির ওপর।

এসএস

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১
E-mail: [email protected], [email protected]. [email protected], [email protected], [email protected], ‍[email protected], Online-email: [email protected]

🔝