ইরানের কেশম দ্বীপে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী।
আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।
ওই কর্মকর্তা জানান, মার্কিন সেনাদের ওপর আইআরজিসির ‘আগ্রাসনের’ জবাবে আত্মরক্ষার অংশ হিসেবে এ হামলা চালানো হয়েছে। হামলায় নির্ভুল লক্ষ্যভেদী অস্ত্র ব্যবহার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে একই দিনে সৌদি আরবের রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণে শহরের বিভিন্ন এলাকার বাড়িঘর কেঁপে ওঠে। এ ছাড়া ইয়েমেনের হুথিদের ছোড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে সৌদি আরবের সামরিক স্থাপনা, বেসামরিক অবকাঠামো ও তেল স্থাপনায় ধারাবাহিক হামলার মধ্যে নতুন করে এ বিস্ফোরণের ঘটনা ঘটল।
বার্তা সংস্থা এএফপির সাংবাদিক ও স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁদের ভাষ্য, বুধবার (১৮ নভেম্বর) বিস্ফোরণের আগে আকাশপথে হামলার আশঙ্কা থাকলে সাধারণত মোবাইল ফোনে যে সতর্কবার্তা পাঠানো হয়, এবার তা দেওয়া হয়নি।
রিয়াদের উত্তরাঞ্চলের এক বাসিন্দা জানান, বিস্ফোরণের শব্দ ছিল অত্যন্ত বিকট। কোনো ধরনের সতর্কবার্তা ছাড়াই এমন বিস্ফোরণের শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা।
সূত্র: আল জাজিরা, এএফপি।
আরএন