চাঁদাবাজির যন্ত্রণায় জনগণ অতিষ্ঠ। চাঁদাবাজির কারণে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১৮ নভেম্বর) রাতে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সংসদ একটি ভিন্নধর্মী সংসদ। এটি মজলুম, ফ্যাসিবাদবিরোধী, সন্ত্রাসবিরোধী ও আধিপত্যবাদবিরোধী মানুষের সংসদ। অন্তত ১ হাজার ৪০০ শহিদের রক্তের বিনিময়ে এই সংসদ প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, গত সাড়ে ১৫ বছরে হাজার হাজার নেতাকর্মী হত্যাকাণ্ড, নির্যাতন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, কাস্টডিয়াল টর্চার ও গুমের শিকার হয়েছেন। অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়েই বর্তমান সংসদের প্রতিষ্ঠা হয়েছে।
বিরোধীদলীয় নেতা আরও বলেন, সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনার স্বামী ও সিলেটের জনপ্রিয় জননেতা ইলিয়াস আলীর সন্ধান আজও তাঁর পরিবার, সহকর্মী ও রাজনৈতিক সহযোদ্ধারা পাননি। শুধু ইলিয়াস আলী নন, এমন হাজারো নিখোঁজ ব্যক্তির স্বজনেরা এখনো তাঁদের প্রিয়জনের জীবিত কিংবা মৃত থাকার বিষয়ে নিশ্চিত হতে পারেননি।
দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক নাশকতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, গত কয়েক দিন ধরে সারা দেশে পতিত ও পলাতক দোসরদের পক্ষ থেকে ব্যাপক নাশকতার ঘটনা ঘটছে। এসব ঘটনায় সরকারের পদক্ষেপ, দৃশ্যমান অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সংসদে তুলে ধরার প্রত্যাশা ছিল তাঁদের।
তবে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সরকারের নীতি ও কৌশল স্পষ্ট হয়নি বলে মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা বুঝতে পারছি না, আসলে আমাদের নীতি ও কৌশল কী।’
তিনি চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, চাঁদাবাজির কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে এবং এর প্রভাব সরাসরি পণ্যের বাজারদামে পড়ছে।
আরএন